
মুম্বই, ১৩ ফেব্রুয়ারি : মুম্বইয়ে চলছে উইমেন্স প্রিমিয়র লিগের অকশন । একের পর এক ক্রিকেটারের ভাগ্য নির্ধারিত হচ্ছে হাতুড়ির তলায়। স্মৃতি মন্ধানাকে দিয়ে শুরু প্রথমবারের মহিলাদের নিলাম। শুরুতেই ধামাকা। ভারতীয় ব্যাটারকে ৩ কোটি ৪০ লক্ষ টাকা দিয়ে কিনে নিল বেঙ্গালুরু। তাঁর ন্যূনতম মূল্য ছিল ৫০ লক্ষ।
নিলামের শুরুতেই প্রথম নাম ওঠে স্মৃতির। ভারতীয় দলের এই বিধ্বংসী ওপেনারকে দলে টানার জন্য ফ্র্যাঞ্চাইজিগুলি ঝাঁপাল প্রত্যাশিতভাবেই। ফ্র্যাঞ্চাইজিগুলি খুব ভালোমতোই জানে স্মৃতির মতো ব্যাটার দলে থাকার অর্থ। প্রত্যাশা মতোই দেশের তারকা ব্যাটারের জন্য চলল হাড্ডাহাড্ডি লড়াই। ৫০ লাখ টাকার বেস প্রাইস দিয়ে শুরু হয়েছিল। স্মৃতির দর গিয়ে থামল ৩ কোটি ৪০ লাখ টাকায়! শেষ হাসি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। শুধু ভারতীয়দের মধ্যেই নয়, এখনও পর্যন্ত উইমেন্স প্রিমিয়র লিগের অকশনে সর্বোচ্চ দাম দিয়ে স্মৃতিকে দলে নিয়েছে । প্রায় সাড়ে তিন কোটি টাকায় বিরাট কোহলির দল কিনে নিয়েছে স্মৃতিকে ।
এদিকে এদিন, নিলাম শুরু হতেই টি-২০ বিশ্বকাপের জন্য দক্ষিণ আফ্রিকায় ভারতের মহিলা ক্রিকেট দল ড্রেসিংরুমে টিভির সামনে বসে পড়েন । স্মৃতির জন্য লড়াই যত এগিয়েছে টিভির সামনে বসা ভারতীয় দলের ক্রিকেটারদের উচ্ছ্বাস আকাশ ছুঁয়েছে। ড্রেসিংরুমে রীতিমতো নাচানাচি শুরু করে দিয়েছিলেন মেয়েরা। ৩ কোটি ৪০ লাখ টাকায় শেষ হাতুড়ি পড়তেই মান্ধানাকে ঘিরে সেলিব্রেশন শুরু হয়ে যায়। এদিন ভারতীয় দলের জার্সি পরেই নিলাম দেখতে টিভির সামনে বসে পড়েছিলেন স্মৃতি। তাঁর মুখের হাসিই বলে দিচ্ছিল কতটা খুশি তিনি।
