
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মেয়েদের আইপিএলে টানা পাঁচ খেলেও জয় অধরাই থাকল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে। পাঁচ ম্যাচে ০ পয়েন্টে থাকা ব্যাঙ্গালোরের এই টুর্নামেন্ট থেকে বিদায় এখন কেবল সময়ের অপেক্ষা।
সোমবার প্রথমে ব্যাট করে আরসিবি তোলে চার উইকেটে ১৫০। জবাবে দু’বল বাকি থাকতে, চার উইকেট হারিয়ে ম্যাচ জিতে নিল দিল্লি ক্যাপিটালস। দিল্লির হয়ে সর্বোচ্চ রান করেন অ্যালিস ক্যাপসি (৩৮)।সোমবার ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে এই রকম গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যর্থ হলেন স্মৃতি মন্ধানা।আরসিবি ইনিংসকে টানেন তিন নম্বরে নামা এলিস পেরি। ৫২ বলে অপরাজিত ৬৭ করেন তিনি। মারেন চারটে চার, পাঁচটা ছয়। শেষ দিকে ঝড় তুলেছিলেন বাংলার উইকেটকিপার ব্যাটার রিচা ঘোষ। রিচা করে যান ১৬ বলে ৩৭ রান। তিনটে চার, তিনটে ছয় পাওয়া যায় রিচার ব্যাট থেকে। দিল্লির বোলারদের মধ্যে শিখা পাণ্ডে তিন উইকেট নেন।
জবাবে রান তাড়া করতে নেমে ১১ ওভারে দিল্লি ক্যাপিটালসের স্কোর ছিল তিন উইকেট হারিয়ে ৮৮। দিল্লিকে জয় এনে দেন মারিজান ক্যাপ (অপরাজিত ৩২) এবং জেস জোনাসেন (অপরাজিত ২৯)।
মেয়েদের আইপিএল শুরু থেকেই ব্যাঙ্গালোর এই টুর্নামেন্টের হট ফেভারিট ছিল ,অথচ তাদের পারফর্মেন্স সকলেই হতাশ করল। এদিন ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্মৃতি বলেন, ‘‘আমাদের বোলাররা দারুণ বল করেছে। যে কারণে ম্যাচটা ২০ ওভার পর্যন্ত টেনে নিয়ে যাওয়া গেল। আমারা উন্নতি করছি। কিন্তু আরও অনেক উন্নতি করতে হবে।’’
