Game

2 years ago

David Warner:স্পনসরের বিরুদ্ধে মামলা করে ৩ কোটি টাকা জিতলেন ওয়ার্নার

David Warner
David Warner

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মাঠে যে সময়টা খুব একটা ভালো যাচ্ছে ডেভিড ওয়ার্নারের, তা নয়। অ্যাশেজের প্রথম টেস্টে এজবাস্টনে ৩৬ ও ৯ রান করেছেন। বেশ কিছুদিন ধরেই অস্ট্রেলিয়া দলে জায়গাটা একটু নড়বড়ে হয়ে পড়েছে তাঁর। তবে মাঠের বাইরে বেশ ভালো একটা প্রাপ্তি যোগই ঘটল অস্ট্রেলীয় ওপেনারের। সাবেক স্পনসরের সঙ্গে আইনি লড়াইয়ে গিয়ে প্রায় ৪ লাখ ২২ হাজার অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ৩ কোটি ৪ লাখ ১৩ হাজার টাকা) জিতেছেন তিনি। এর আগে একই স্পনসরের সঙ্গে আইনি লড়াইয়ে মোটা অঙ্কের টাকা জিতেছিলেন ভারত কিংবদন্তি শচীন টেন্ডুলকারও।

২০১৮ সালে স্পার্টান নামের অস্ট্রেলিয়া-ভিত্তিক ওই কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন ওয়ার্নার। সে সময় কিংবদন্তি টেন্ডুলকার, মাইকেল ক্লার্কও স্পার্টানের সঙ্গে চুক্তি করেছিলেন। পরে ক্রিস গেইলের স্পনসরও হয় স্পার্টান। তবে বেশ মোটা অঙ্কের ঋণের বোঝা মাথায় নিয়ে ধসে পড়ে স্পার্টান। এরপর আর পুরোনো মালিকের হাতে থাকেনি কোম্পানিটি। পুনর্গঠনের পর কিছু প্রাইভেট বিনিয়োগকারীর কাছে এর মালিকানা চলে যায়।২০২১ সালে স্পার্টান থেকে সরে গিয়ে এখনকার স্পনসর ডিএসসির সঙ্গে চুক্তি করেন ওয়ার্নার। তবে স্পার্টানের কাছে বকেয়া ছিল তাঁর। ওয়ার্নারের এজেন্ট নিউজ কর্পকে বলেন, ‘স্পার্টান আমাদের টাকা পরিশোধ করেনি। ফলে ডেভিডের সঙ্গে আমরা আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

এরপর গত সপ্তাহে সিডনির জেলা আদালত ওয়ার্নারকে ৪ লাখ ২২ হাজার ৭২৭ অস্ট্রেলিয়ান ডলার পরিশোধের রায় দেন। বিচারক ম্যাথু ডিকার স্পার্টান স্পোর্টসের মালিক দুই কোম্পানি স্পার্টান স্পোর্ট করপোরেশন ও এসএস ম্যানেজমেন্ট অস্ট্রেলিয়াকে এ অর্থ পরিশোধের নির্দেশ দেন।

বকেয়া বাবদ ওয়ার্নারকে ৩ লাখ ৮২ হাজার ৯৪০ অস্ট্রেলিয়ান ডলার পরিশোধ করতে বলা হয়। এ ছাড়া আদালতের রায় অনুযায়ী, ওয়ার্নার আরও ৩৯ হাজার ৭৮৬ অস্ট্রেলিয়ান ডলার পাবেন। ফলে ২৮ জুন থেকে শুরু লর্ডস টেস্টে বাড়তি একটা প্রাপ্তির সুখবর নিয়েই নামবেন ওয়ার্নার।

স্পার্টানের সঙ্গে এর প্রতিনিধি বেন কারবেরিকেও আলাদা করে আদালতে আইনি পদক্ষেপ নিয়েছিলেন ওয়ার্নার। তবে ৪৯ বছর বয়সী কারবেরি এর কোনো জবাব দেননি। গত সপ্তাহে আদালতে হাজিরও হননি।

এর আগে ২০২০ সালে স্পার্টানকে আদালতে তুলেছিলেন টেন্ডুলকার। তবে সে সময় চুক্তিভঙ্গে অভিযোগ স্বীকার করে কোম্পানিটি ক্ষমা চাইলে তাদের সঙ্গে সমঝোতা করেন টেন্ডুলকার। ভারতের সাবেক অধিনায়কের অভিযোগ ছিল, তাঁর ছবি, লোগো বিজ্ঞাপনী কাজে ব্যবহার বাবদ তিনি প্রায় ৩১ কোটি অস্ট্রেলিয়ান ডলার স্পার্টানের কাছে পাবেন। ২০১৬ সালে টেন্ডুলকারের সঙ্গে চুক্তি হয়েছিল স্পার্টানের।

You might also like!