
আহমেদাবাদ(গুজরাট), ১২ মার্চ : দীর্ঘদিনের সেঞ্চুরির খরা কাটিয়ে অবশেষে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচে সেঞ্চুরি পেলেন বিরাট কোহলি। শেষ বার ২০১৯ সালের নভেম্বর মাসে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সেঞ্চুরি করেছিলেন কোহলি। তারপর ৩ বছর তিন মাস ১৯ দিন পর ৫০তম টেস্ট ম্যাচে খেলতে নেমে সেঞ্চুরি পেলেন বিরাট। আন্তর্জাতিক ক্রিকেটে ৭৫তম শতরান করে ফেললেন তিনি। রবিবারের সেঞ্চুরি বিরাটের কেরিয়ারের ২৮তম টেস্ট সেঞ্চুরি।
আমদাবাদ টেস্টের পিচ ব্যাটারদের অনুকূলে এই বিষয়টি বুঝে গিয়েছিলেন কোহলি। তাই ব্যাট করতে নেমে কোনও ভুল না করার পণ নেন বিরাট। সেই মতো ধীরে রান সংগ্রহ করতে থাকেন। ম্যাচের পরিসংখ্যান অনুযায়ী মাত্র পাঁচটি চার মেরেছেন কিং কোহলি। বাকি ৮০ রান নিয়েছেন দৌড়ে।
বর্ডার-গাভাসকর ট্রফির চতুর্থ টেস্টে ভারতীয় ব্যাটারদের মধ্যে শুভমন গিল আগেই সেঞ্চুরি করেছেন। শুভমন আউট হওয়ার সময়ও ভারত ২৩৫ রানে পিছিয়ে ছিল। প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট পিচে ব্যাট করতে নেমে ইনিংসের গতি নিয়ন্ত্রণে আনেন। ১২০৫ দিনের দীর্ঘ অপেক্ষার পর টেস্ট ম্যাচে সেঞ্চুরি পাওয়ায় খুশি বিরাটের ভক্তরা।
