
কলকাতা, ২৮ জুলাই : আগামীকাল ২৯ জুলাই, মোহনবাগান দিবস। এই উপলক্ষে ক্লাব তাঁবুতে হবে জমজমাট অনুষ্ঠান। প্রতিবছরই এক দিনের হতো এই অনুষ্ঠান। এবার সেই অনুষ্ঠান একদিনের নয়, হবে দু’দিন ধরে। অর্থাৎ, ২৯ ও ৩০ জুলাই। ২৯ জুলাই দুপুর ১২:৩০ মিনিট থেকে শুরু হবে প্রাক্তন ফুটবলারদের প্রদর্শনী ফুটবল ম্যাচ। দুপুর ৩:৩০ মিনিটে সুব্রত ভট্টাচার্যের আত্মজীবনী 'ষোলো আনা বাবলু' আত্মপ্রকাশ করবে।
গত কয়েক বছরের মতো এবছরও মোহনবাগান দিবসের মূল অনুষ্ঠান মঞ্চে উপস্থিত থাকবেন 'অমর একাদশ'-এর সদস্যদের উত্তরসূরিরা। আর ৩০ জুলাই বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত সঙ্গীত পরিবেশন করবেন নামী শিল্পীরা। সন্ধ্যা ৬:৩০ থেকে ৭:৪৫ পর্যন্ত হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। রাত ৮:০০টা থেকে আছে আরো একটি সঙ্গীত অনুষ্ঠান। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন বাবুল সুপ্রিয়।
