
নয়াদিল্লি, ১৫ এপ্রিল : আজ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ফাফ ডু’প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং ডেভিড ওয়ার্নারের দিল্লি ক্যাপিটালস। দু'টো দলই আজ জয়ের জন্য মরিয়া। এবারের আইপিএল যাত্রা জয় দিয়ে শুরু করেও পরপর দু'টো ম্যাচে হেরেছে বিরাট কোহলিরা। অন্যদিকে এবার তো দিল্লি ক্যাপিটালস দারুন নড়বড়ে। এবারের আইপিএল এ তারাই একমাত্র দল যারা ৪ ম্যাচে খেলেও কোনও জয়ই পায়নি।
ঘরের মাঠে আজ কি হারের হ্যাটট্রিক আটকাতে পারবে আরসিবি? নাকি ৪ ম্যাচে হারা সৌরভ -পন্টিংদের দিল্লি প্রথম জয়ের স্বাদ পাবে? আরসিবির ঘরের মাঠে তাদের শেষ ম্যাচে শেষ বলে লখনৌ সুপারের বিরুদ্ধে জয় তুলে নিয়েছিল। ব্যাঙ্গালোরের টপ অর্ডারের তিন ব্যাটার হাফসেঞ্চুরি করেন। কিন্তু বিরাট কোহলি ও ফাফ ডু’প্লেসিকে দিল্লির দুই স্পিনার অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদব চাপে রেখেছিলেন। বিরাট-ডু’প্লেসিদের সামনে আজও একটা পরীক্ষা। দুই দলই আজকের ম্যাচে পরিবর্তন আনতে পারে। কারণ বিয়ের অনুষ্ঠান সেরে দলে ফিরেছেন মার্শ। এই অজি তারকা মিচেল মার্শ দলে অবশ্যই ফিরছেন। আর অন্যদিকে আরসিবিতে
আজই শ্রীলংকার ওয়ানিন্দু হাসারঙ্গা নামার সম্ভাবনা প্রবল। জাতীয় দলের ডিউটি থাকায় তিনি এবার আইপিএলের একটি ম্যাচেও খেলতে পারেননি।
মিডল অর্ডারে আরসিবির বোলিংকে যেমন আরও মজবুত করতে হবে তেমনই দিল্লিকেও আজ প্রথম ম্যাচে জিততে হলে সব বিভাগেই উন্নতি করতে হবে। বর্তমানে দুটি দলের নড়বড়ে অবস্থা। বিশেষ করে দিল্লি ক্যাপিটালসের। দিল্লি আজ আরসিবিকে হারাতে পারে কিনা সেটা যেমন দেখার তেমনি আরসিবি পরাজয়ের হ্যাটট্রিক আটকাতে পারে কিনা সেটাও দেখার। হেড টু হেডে নজর দিলে দেখা যাবে এর আগে আইপিএলের মঞ্চে ২৯ বার মুখোমুখি হয়েছিল দুই দল। যার মধ্যে ১৮ বার জিতেছে আরসিবি। আর ১০ বার জিতেছে দিল্লি। ১টি ম্যাচ অমীমাংসিত।
