Game

2 years ago

India Vs WI : দ্বিতীয় টেস্টে বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই ভারতীয় দলে, ইঙ্গিত এমনটাই

Team India (Collected)
Team India (Collected)

 

ত্রিনিদাদ, ১৯ জুলাই: প্রথম টেস্টে ইনিংস ও ১৪১ রানে জয়ের পর ফুরফুরে মেজাজে ভারতীয় দল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট শুরু হচ্ছে আগামীকাল। পোর্ট অফ স্পেনের কুইন্স পার্ক ওভালে টেস্ট জিততে বদ্ধপরিকর টিম ইন্ডিয়া। কারণ টেস্ট চ‍্যাম্পিয়নশিপের জন‍্য এই ম‍্যাচে জয় খুবই গুরুত্বপূর্ণ।

গত কয়েকটা দিন বিসিসিআইয়ের পোস্ট করা ভিডিও’তে হালকা মেজাজে দেখা গেছে বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, মহম্মদ সিরাজ,ঈশান, গিলকে। মোটামুটি আত্মবিশ্বাসের শিখরে রয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। এই টেস্টে দুর্বল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মুকেশ কুমার, নবদীপ সাইনির মতো পেসারদের দেখে নেওয়ার সুযোগ রয়েছে। তবে টিম ইন্ডিয়া প্রথম টেস্টের দলটাকেই রাখতে চাইছে। বড় পরিবর্তনের পক্ষপাতী নন অধিনায়ক রোহিত শর্মাও, এমনটাই ইঙ্গিত মিলছে।

এদিকে, আগামীকাল এই সিরিজের দ্বিতীয় টেস্ট ইতিহাসের সাক্ষী থাকতে চলেছে কুইন্স পার্ক ওভাল। কারণ এই মাঠে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের ঐতিহাসিক ১০০তম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। দ্বিতীয় টেস্টটি চলবে ২০-২৪ জুলাই। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সিইও জনি গ্রেভ জানিয়েছেন, " ভারতের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম‍্যাচটি দেখার জন‍্য মুখিয়ে রয়েছেন সমর্থকরা। এই সিরিজের অন্যতম হাইলাইট হতে চলেছে কুইন্স পার্ক ওভালের ১০০তম টেস্ট ম্যাচটি। অসাধারণ একটা মুহূর্ত হতে চলেছে। এই গর্বিত ক্রিকেট খেলিয়ে দেশ এই ঐতিহাসিক মুহূর্তটাকে সাক্ষী রাখতে অধীর নিয়ে বসে রয়েছে। সেটাই আশা রাখি।'

You might also like!