Breaking News

 

Game

3 years ago

তীরে এসে তরী ডুবল টিম ইন্ডিয়ার

Asia Cup 2022
Asia Cup 2022

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এই নিয়ে টি-টোয়েন্টিতে তৃতীয় বার ভারতকে হারাল পাকিস্তান । বাংলার লড়াকু  মেয়ে রিচা ঘোষের লড়াই ও বাঁচাতে পারল না দলকে। ফিল্ডিং করার সময় অসুস্থ হয়ে মাঠ ছেড়ে উঠে যাওয়ার পরে ব্যাট করতে নেমে একের পর এক বড় শটে ভারতকে লড়াইয়ে রেখেছিলেন তিনি। কিন্তু ১৯তম ওভারে তিনি আউট হতেই ভারতীয় মহিলা দলের সব আশা শেষ হয়ে যায়। 

আগের দিন তাইল্যান্ডের কাছে হারের পরে ভারতকে হারালেন বিসমা মারুফরা। বাংলাদেশের সিলেটে প্রথমে ব্যাট করতে নেমে নিদা দারের দুরন্ত অর্ধশতরানে ভর করে ১৩৭ রান করে পাকিস্তান। তার পর ভারতকে সেই রানের মধ্যে আটকে রাখেন পাকিস্তানের বোলাররা।

রান তাড়া করতে নেমে ভারতের শুরুটা ভাল হলেও চতুর্থ ওভারে আউট হয়ে যান মেঘনা। রান পাননি এ বারের এশিয়া কাপে ভারতের সব থেকে সফল ব্যাটার জেমাইমা রদ্রিগেজ়। নির্দিষ্ট ব্যবধানে উইকেট পড়ছিল। ১৭ রান করে আউট হন স্মৃতি মন্ধানা।শেষ ছ’ওভারে জয়ের জন্য দরকার ছিল ৬১ রান। চাপ বাড়ছিল ভারতের উপর। হাত খোলা শুরু করেন দীপ্তি। শেষ পাঁচ ওভারে দরকার ছিল ৪৮ রান। ১৬তম ওভারে ভারতকে বড় ধাক্কা দেন সাদিয়া ইকবাল। ১৬ রানের মাথায় দীপ্তিকে আউট করেন তিনি।

পাকিস্তান ব্যাট করার সময় অসুস্থ হয়ে পড়েছিলেন ভারতীয় উইকেটরক্ষক রিচা ঘোষ। তার পরে মাঠ থেকে উঠে যান তিনি। ভারতের হয়ে আট নম্বরে ব্যাট করতে নামেন তিনি। অসুস্থ অবস্থাতেও ভারতকে লড়াইয়ে রেখেছিলেন রিচা। তিনটে ছক্কা মেরে আশা বাড়ান তিনি। কিন্তু ১৯তম ওভারে ২৬ রান করে তিনি আউট হয়ে যেতেই ভারতের সব আশা শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত ১৩ রানে ম্যাচ হারে ভারত। 

You might also like!