
চট্টগ্রাম, ১৩ ডিসেম্বর : এক দিনের সিরিজ় জিতে আত্মবিশ্বাসী বাংলাদেশ। তবে টেস্ট সিরিজ়ের প্রথম ম্যাচে বাংলাদেশ প্রথম একাদশে পাচ্ছে না বোলার তাসকিন আহমেদকে। চোটের জন্যই অনিশ্চিত তাসকিন। স্বভাবতই কিছুটা চাপে বাংলাদেশ।
এক দিনের ক্রিকেটে ভাল হলেও টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্স উল্লেখযোগ্য নয়। চলতি বছরে আটটি টেস্ট খেলে মাত্র একটিতে জিতেছে তারা। ছ’টি টেস্টেই হারতে হয়েছে। ভারতের বিরুদ্ধে কখনও টেস্ট জেতেননি শাকিবরা। এমন উইকেটে শাকিবদের দরকার ছিল তাসকিনকে। তবে প্রথম টেস্টে বাংলাদেশের প্রথম একাদশে তাসকিন থাকছেন না তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন বাংলাদেশ হেড কোচ রাসেল ডমিঙ্গো। তিনি বলেছেন, ‘তাসকিনকে নিয়ে ঝুঁকি নেব না প্রথম টেস্টে। তাকে কিছু ইনজেকশন নিতে হয়েছে। চট্টগ্রামে এমন কন্ডিশনে এক-দেড় দিন বোলিং করা, তার জন্য হয়তো ভালো হবে না। প্রথম ম্যাচে তাকে বিশ্রাম দেব। ’
