
বেজিং, ১৩ জুন : ফুটবলভক্তদের চোখে মেসি মানেই মন ভরানো স্বর্গীয় ফুটবল। আর্জেন্টিনার এই অধিনায়কের জনপ্রিয়তাকে পুঁজি করে অর্থ আয় করতে চান অনেকেই। শোনা যাচ্ছে, প্রতারণার আশ্রয় নেওয়ার কথাও! অস্ট্রেলিয়ার সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে আর্জেন্টিনা জাতীয় দল এখন চীনে। বৃহস্পতিবার, ১৫ জুন বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়াম ম্যাচটি হবে। আর সেই ম্যাচ সামনে রেখে মেসিদের নাম ব্যবহার করে প্রতারণার ফাঁদ পেতেছে একটি চক্র। এই প্রতারণার ফাঁদে পা না দিতে জনগণকে সতর্কও করেছে চীন পুলিশ।
শনিবার (১০ জুন) চীনে পা রেখেছে আর্জেন্টিনা জাতীয় দল। বেইজিংয়ে পৌঁছার পরই তাঁর খ্যাতি কাজে লাগিয়ে অসাধু চক্র টাকাপয়সা কামিয়ে নিতে তৎপরতা শুরু করেছে। সেই চক্র বিজ্ঞাপন দিয়েছে, ৪২ হজার মার্কিন ডলার ,চীনের মুদ্রায় তিন লাখ ইউয়ান, বিনিময়ে ভক্তরা মেসির সঙ্গে বসে পানাহার করতে পারবেন। যে বিজ্ঞাপন প্রচারের পর সাড়া পড়েছে দেশজুড়ে।
বিজ্ঞাপনের কথা জানার পরই অবশ্য ব্যবস্থা নিয়েছে চীন পুলিশ। জনগণকে সতর্ক করে দিয়ে তাঁরা বলছে, এ ধরনের বিজ্ঞাপন পুরোপুরি প্রতারণা। মেসি-উন্মাদনাকে ব্যবহার করে অসাধু এক চক্রের টাকাপয়সা হাতিয়ে নেয়ার ফাঁদ।
