
অ্যাডিলেড, ১০ নভেম্বর : টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে লজ্জার হার ভারতের। এই বিশ্রি হারের হাত ধরেই শেষ হয়ে গেল ভারতের বিশ্বকাপ জয়ের স্বপ্ন। রোহিত শর্মার নেতৃত্বে টিম ইন্ডিয়া সুপার-টুয়েলভ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স করে সেমিফাইনালে উঠেছিল। কিন্তু সেমিফাইনালে এসে ইংল্যান্ডের কাছে জঘন্য ভাবে পরাস্ত হল রোহিত ব্রিগেড। এই বাজে হারের পর অধিনায়ক রোহিত শর্মা একেবারে ভেঙে পড়েন। নিজের আবেগ ধরে রাখতে না পেরে, তাঁকে কেঁদে ফেলতেও দেখা যায়। আর এই হারের জন্য রোহিত সরাসরি দায়ী করেন দলের বোলারদের। ম্যাচের পর ভারত অধিনায়ক বলে দেন, বল হাতে এদিন একেবারেই পারফরম্যান্স করতে পারেনি ভারত।
ম্যাচের পর রোহিত শর্মা বলেন, ‘আজ আমরা যে ভাবে হারলাম, সেটা খুবই হতাশার। সত্যিই এই হারটা মেনে নেওয়া কষ্টকর। আমি ভেবেছিলাম আমরা শেষের দিকে ভাল ব্যাটিং করেছিলাম। কিন্তু আমরা বোলিংয়ে ভাল করতে পারিনি। এটা অবশ্যই এমন একটা উইকেট ছিল না, যেখানে একটা দল এসে ১৬ ওভারে রান তাড়া করে দিতে পারে। যে কোনও কিছু হতেই পারত। তবে আসলে আজ আমরা বোলিংটা ভাল করতে পারিনি। আজকে আমরা পরিকল্পনাগুলো ঠিকঠাক কাজে লাগাতে পারিনি।’
