
নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি : ডেভিড ওয়ার্নারের পরে চোটের কারণে অস্ট্রেলিয়া শিবির থেকে ছিটকে গেলেন পেসার প্যাট কামিন্স। দ্বিতীয় টেস্ট চলাকালীন হাতের হাড়ে চিড় ধরে ছিটকে গিয়েছেন ডেভিড ওয়ার্নার। বাকি দুই টেস্টে তাঁকে পাবে না দল। এবার চোটে ছিটকে গেলেন পেসার প্যাট কামিন্স। জানা গিয়েছে, সিরিজের মাঝপথেই দেশে ফিরে গেলেন প্যাট কামিন্স। মাত্র এক সেশনে অলআউট হয়ে যাওয়ার জন্য অজি ব্যাটারদের তীব্র সমালোচনা করেছিলেন অধিনায়ক কামিন্স। সোমবার খুব ভোরেই অস্ট্রেলিয়া রওনা হয়েছেন কামিন্স।
নাগপুর ও দিল্লি- দুই টেস্টেই ভারতীয় স্পিনারদের সামনে কার্যত আত্মসমর্পণ করেছেন অজি ব্যাটাররা। স্টিভ স্মিথ, মার্নাস লাবুশানের মতো বিশ্বর্যাঙ্কিংয়ের সেরা দুইয়ে থাকা ব্যাটাররাও ভুল শট খেলে আউট হন। দিল্লি টেস্টের প্রথম ইনিংসে লড়াকু স্কোর করলেও দ্বিতীয় ইনিংসে রবীন্দ্র জাদেজার ঘূর্ণিতে শেষ হয়ে যায় অস্ট্রেলিয়া। এক ইনিংসে সাত উইকেট নেন তিনি।
জানা গিয়েছে, পারিবারিক কারণেই দেশে ফিরতে হচ্ছে অস্ট্রেলীয় অধিনায়ককে। পরিবারের কোনও সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। তাই সোমবার ভোরেই দেশের বিমান ধরেছেন কামিন্স। তবে তৃতীয় টেস্ট শুরু হওয়ার আগেই তিনি ভারতে চলে আসবেন বলেই অনুমান। অন্যদিকে, ভারতীয় দলকেও তৃতীয় টেস্টের আগে ছুটি দেওয়া হয়েছে।
