
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শেষ ওভারে জেতার জন্য ৩ বলে ১৩ রান দরকার ভারতের। এই সময়ে পাকিস্তানি বোলার নওয়াজের ফুলটস ডেলিভারিতে ছক্কা হাঁকান কোহলি। কোহলি আম্পায়ারদের দিকে তাকিয়ে জানতে চান বলটা তাঁর কোমরের উপরে ছিল। এটা কি নো বল নয়? আম্পায়ার কিছুক্ষণ পরে নো বল দেন। ফ্রি হিট পায় ভারত। ফ্রি হিটের ডেলিভারিতে বোল্ড হন কোহলি। তিন রান নেন সেই বল থেকে। প্রাক্তন পাকিস্তানিরা মেনে নিতে পারেননি সেই সিদ্ধান্ত। ম্যাচের শেষে কোহলির মারা শটের ছবি পোস্ট করেন শোয়েব আখতার। সেই ছবি পোস্ট করে শোয়েব আখতার লেখেন, ”আম্পায়ার ভাইও, ফুড ফর থট আজ রাত কে লিয়ে।’ রাওয়ালপিন্ডি এক্সপ্রেস আর কিছু লেখেননি। কিন্তু শোয়েবের এমন ক্যাপশন নিয়ে শুরু হয় চর্চা। ভারতীয় সমর্থকরা দেখাতে থাকেন আম্পায়ারের সিদ্ধান্ত ভুল ছিল না। যদিও শোয়েব আখতার আগে টুইট করেছিলেন, নো বল হয়নি। পরে অবশ্য তা ডিলিট করে দেন শোয়েব। মেলবোর্নে ভারত-পাকিস্তান উত্তেজক ম্যাচের নায়ক বিরাট কোহলি। তাঁর দুরন্ত ব্যাটিংয়ের জন্যই অসম্ভবকে সম্ভব করেছে ভারত। তবে সোশ্যাল মিডিয়ায় এখনও ট্রেন্ডিং নো বল। প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটাররা ফুঁসছেন সেই নো বলের সিদ্ধান্ত নিয়ে। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রম নো বল প্রসঙ্গে বলছেন, ”আপাতদৃষ্টিতে মনে হচ্ছিল বলটা নীচে নেমে আসছে। খালি চোখে মনে হয়নি নো বল ছিল। স্লো মোশনে মনে হয়েছে বলটা নীচের দিকেই নেমে আসছিল। যে কোনও ব্যাটসম্যানই নো বলের জন্য আবেদন করবে। এটা কোহলির দোষ ছিল না। উত্তেজক একটা ম্যাচ। তোমার হাতে প্রযুক্তি রয়েছে। সেটার ব্যবহার কর। কেন একটা বিষয় নিয়ে বিতর্ক উস্কে দেওয়া?”এবারের বিশ্বকাপে ধারাভাষ্যকারদের প্যানেলে নেই ওয়াসিম আক্রম এবং ওয়াকার ইউনিস। আক্রম বলেন, ”আমি আর ওয়াকার ধারাভাষ্যকারদের প্যানেলে ছিলাম না। আমরা থাকলে বিষয়টা নিয়ে আলোচনা করতাম। যেটা মনে হচ্ছে সেটাই বলতাম।”
