
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নতুন বছর শুরু হবার পর বুধবার প্রথম বারের জন্য শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামবে টিম ইন্ডিয়া। তবে এই ম্যাচে আর পুরানো অবতারে দেখা যাবে না "মেন ইন ব্লু" কে। এত দিন টিম ইন্ডিয়ার সদস্যরা যে জার্সি পরতেন, সেটির স্পনসর ছিল ‘এমপিএল’। প্রসঙ্গত, তাদের সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছে ভারতীয় দলের। এ বার সেই জায়গায় এল ভারতের এক বস্ত্রবিপণি সংস্থা ‘কিলার জিন্স’। সেই লোগো বসল ভারতীয় দলের জার্সিতে। নতুন সেই জার্সি পরে মাঠে নামবে ভারতীয় ক্রিকেট দল।
বুধবার শ্রীলঙ্কার বিরুদ্ধে মাথে নামার আগে যুজবেন্দ্র চহাল, আরশদীপ সিং-রা নতুন জার্সি পরে ছবি দেন। তাতেই দেখা যায় লোগো বদলে গিয়েছে।প্রসঙ্গত, ভারতীয় দলের সঙ্গে এমপিএলের চুক্তি ছিল এই বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত,কিন্তু তার আগেই সরে গেল এমপিএল। বোর্ড অনুরোধ করেছিল থেকে যাওয়ার জন্য, কিন্তু তারা থাকেনি। এবার কিলার জিন্সের সঙ্গে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চুক্তি করল বোর্ড। সূত্রের খবর, গত বছর ডিসেম্বর মাসে এমপিএল জানায় যে, তারা সরে যাচ্ছে। ২০২২ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত কিলার জিন্স দলের জার্সি স্পনসর হবে।
শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি এবং এক দিনের সিরিজ খেলবে ভারত।মোট ছ’টি ম্যাচ খেলবে তারা। এই সিরিজেই প্রথম বার দেখা যাবে ভারতের নতুন জার্সি। হার্দিক পান্ডের নেতৃত্বে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। এক দিনের সিরিজে সহ-অধিনায়কের দায়িত্বে থাকবেন হার্দিক। এক দিনের সিরিজে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা।
