
কলকাতা, ১৯ মার্চ : ভারত জয় করে শহরে ফিরল এটিকে মোহনবাগান দল। গোয়ার ফতোরদা স্টেডিয়ামে আইএসএল ফাইনালে বেঙ্গালুরু এফসিকে পেনাল্টি শ্যুট আউটে হারায় সবুজ মেরুন। আইএসএল জয়ের পর বিশাল কায়েথ, প্রীতম কোটালরা বিমানবন্দরে নামতেই বাঁধভাঙা উল্লাসে ভাসলেন মোহনবাগান সমর্থকরা। আকাশ মেঘলা, কোনও কোনও জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিও হচ্ছে। বৃষ্টি উপেক্ষা করে, নাওয়া-খাওয়া ভুলে প্রীতম কোটাল, পেত্রাতসদের টিম বাসের পিছনে ‘জয় মোহনবাগান’ স্লোগান তুলে এগিয়ে চললেন ভক্তরা ।
শনিবার গোয়ায় রুদ্ধশ্বাস ম্যাচে টাইব্রেকারে বেঙ্গালুরুকে হারায় জুয়ান ফেরান্দোর দল। বিশাল কাইথের হাত ধরে আবারও ভারতসেরা হয় মোহনবাগান আর এরপরই সঞ্জীব গোয়েঙ্কা ঘোষণা করেন, মোহনবাগানের নামের সামনে থেকে এটিকে সরিয়ে দেওয়ার কথা। জানান, এবার থেকে মোহনবাগান সুপার জায়ান্টস নামে খেলবে দল। একরাতে জোড়া স্বপ্নপূরণ হয়েছে সবুজ-মেরুন ভক্তদের। আনন্দে আত্মহারা সমর্থকরা তাই প্রিয় দলকে স্বাগত জানাতে কোনও ঘাটতি রাখেননি।
এদিন বেলা পৌনে একটা নাগাদ বিমানবন্দর থেকে বেরিয়ে আসেন মোহনবাগান ফুটবলার, কর্মকর্তারা। প্রীতমদের দেখেই উচ্ছ্বাসে ফেটে পড়েন অপেক্ষারত সমর্থকরা। এরপর দল টিম বাসে উঠলে তার পিছন পিছন গাড়ি ও বাইকে চেপে যাত্রা শুরু করেন তাঁরা। কারও গালে সবুজ-মেরুন আবির তো কেউ ওড়াচ্ছেন পতাকা। সব মিলিয়ে এদিন শহরের রং সবুজ-মেরুন।
