
মায়ামি, ৭ জানুয়ারি : লম্বা ছুটি কাটিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসি রাতে মায়ামিতে ফিরলেন। নানা জায়গায় বেড়ানো শেষে ছুটির শেষ কটা দিন রোজারিওতে নিজের বাড়িতে পরিবারের সঙ্গেই ছিলেন। সেখান থেকে গতকাল ফিরেছেন মায়ামির প্রাক্-মৌসুম প্রস্তুতিতে। রোজারিও থেকে সরাসরি ফোর্ট লডারডেল বিমানবন্দরে নামেন মেসি।বিমানবন্দরেই তিনি মায়ামির সতীর্থদের সঙ্গে যোগ দেন। মায়ামির হয়ে শুধু যুক্তরাষ্ট্রের ফুটবলের নতুন মরসুমের প্রস্তুতিই নয়, এ বছর যুক্তরাষ্ট্রেই হতে যাওয়া কোপা আমেরিকার প্রস্তুতিও নেবেন তিনি।
এবছর মেসি প্রথম মাঠে নামবেন ১৯ জানুয়ারি। এদিন ইন্টার মায়ামি এল সালভাদোরের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে। এরপর মেসির দলের প্রাক্-মরসুম প্রস্তুতি ম্যাচ খেলবে এফসি ডালাস, সোদি প্রো লিগের ক্লাব আল হিলাল ও রোনালদোর দল আল নাসর, হংকং লিগ টিম, ভিসেল কোবে এবং মেসির শৈশবের ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজের সঙ্গে।
