
প্যারিস, ২৩ মে : ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো ফরাসি কাপের শিরোপা জিতেছে আরসি লঁস। শুক্রবার স্ট্যাদে দে ফ্রান্সে অনুষ্ঠিত ফাইনালে নিসকে ৩-১ গোলে হারিয়ে ঐতিহাসিক এই সাফল্য অর্জন করে লঁস।
আরসি লঁসের এই জয়ে বড় ভূমিকা রাখেন তারকা ফরোয়ার্ড ফ্লোরিয়ান থাউভিন। ম্যাচে তিনি একটি গোল করার পাশাপাশি আরেকটি গোলে সহায়তাও করেছেন। এর মাধ্যমে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল; তিন ধাপেই গোল করার কৃতিত্ব দেখালেন এই ফরাসি স্ট্রাইকার।
ম্যাচের ২৫ মিনিটে গোল করে লঁসকে এগিয়ে দেন থাউভিন। দ্বিতীয় গোলটি আসে প্রথমার্ধ শেষ হওয়ার তিন মিনিট আগে। গোলটি করেন ওদসোনে এদুয়ার্দ। তবে বিরতির আগে এক গোল শোধ দেয় নিসের ডিজিব্রিল কৌলিবালি। এই গোলে নিসের ম্যাচে ফেরার আশা জাগলেও শেষ পর্যন্ত তারা ঘুরে দাঁড়াতে পারেনি। ম্যাচের ৭৮ মিনিটে নিসের রক্ষণভাগ ভেঙে লঁসের হয়ে শেষ গোলটি ৩-১ করেন আবদাল্লাহ সিমা। সেই সঙ্গে তাদের শিরোপা জয় নিশ্চিত হয়।
