
বার্সিলোনা, ১১ ডিসেম্বর : দারুণ ছন্দে থাকা জিরোনা আরও একটা দারুন জয় উপহার দিল। বার্সেলোনাকে তাদের মাঠেই হারিয়ে, রিয়াল মাদ্রিদকে টপকে ফের লিগ টেবিলের শীর্ষে উঠল তারা। অলিম্পিক স্টেডিয়ামে রবিবার রাতে লা লিগার জমজমাট ম্যাচটি ৪-২ গোলে জিতেছে জিরোনা। ম্যাচের দ্বাদশ মিনিটে আর্তেম দভবিক জিরোনাকে এগিয়ে দেন। এরপর অষ্টাদশ মিনিটে সমতা টানেন রবের্ত লেভানদোভস্কি। এরপর মিগেল গুতেরে ও ভালেরি ফের্নান্দেস গোল সংখ্যা বাড়ান।
বাকি দুটি গোল হয় অতিরিক্ত সময়ে। ইলকাই গিনদোয়ান ব্যবধান কমানোর পর আবার তা বাড়িয়ে নেন ক্রিস্তিয়ান স্তুয়ানি। এই জয়ে প্রথমবারের মতো লা লিগার ম্যাচে বার্সেলোনাকে হারাল জিরোনা। ১৬ ম্যাচে ১৩ জয় ও ২ ড্রয়ে জিরোনার পয়েন্ট হলো ৪১। একটি ম্যাচ তারা হেরেছে যাদের বিপক্ষে, সেই রিয়াল মাদ্রিদ ৩৯ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে। আর সমান ৩৪ পয়েন্ট নিয়ে আতলেতিকো মাদ্রিদ তিনে ও শিরোপাধারী বার্সেলোনা চারে আছে। আতলেতিকো একটি ম্যাচ কম খেলেছে।
