
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আসন্ন আইপিএলে-র জন্য নতুন অধিনায়ক বেছে নিল কলকাতা। ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল বা বাংলাদেশের শাকিব আল হাসান, লিটন দাসকে টেক্কা দিয়ে অধিনায়ক হলেন নীতীশ রানা। রবিবার কেকেআরের সমাজমাধ্যমের বিভিন্ন অ্যাকাউন্টে একটি ভিডিয়ো পোস্ট করে এ খবর জানানো হয়েছে। পরে টুইটারে একটি বিবৃতিতে সে খবর জানানো হয়।
চোটের কারণে শ্রেয়স আয়ারের আইপিএলে খেলা অনিশ্চিত।এই পরিস্থিতিতে কাউকে অধিনায়ক ঘোষণা করতেই হত।দৌড়ে ছিলেন আন্দ্রে রাসেল, শাকিব আল হাসান, লিটন দাস এমনকি, রিঙ্কু সিংহও।তবে সবাইকে তাক লাগিয়ে বেছে নেওয়া হল রানা কে।
রবিবার কেকেআরের তরফে টুইটারে পোস্টে লেখা হয়েছে, "পিঠের চোটে মাঠের বাইরে থাকা শ্রেয়স আয়ারের অনুপস্থিতিতে এই মরসুমে কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দেবেন নীতীশ রানা। আশা করছি এ বারের আইপিএল চলাকালীনই সুস্থ হয়ে কোনও না কোনও সময় দলের হয়ে খেলবেন শ্রেয়স।"
শাকিব এবং লিটনকে প্রথম দিকে পাওয়া যাবে না দেশের হয়ে ম্যাচ থাকায়। ফলে তাঁদের অধিনায়ক করার ক্ষেত্রে সমস্যা ছিল। রাসেল দলকে নেতৃত্ব দিতেই পারতেন। কিন্তু কেকেআরের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত চাইছিলেন দেশীয় কোনও ক্রিকেটারকে অধিনায়ক করতে।এই যুক্তিতেই বাইমাত করেন নীতিশ।
দিল্লির হয়ে ঘরোয়া ক্রিকেট খেললেও, আন্তর্জাতিক ক্রিকেটে এখনও তাঁর অভিষেক হয়নি।দিল্লিকে গুটি কয়েকবার নেতৃত্ব ও দিয়েছেন তিনি, তবে আইপিএলে এই প্রথম তাঁকে নেতৃত্ব দিতে দেখা যাবে।
