
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এক জন দু'জন নয় ইতিমধ্যেই দেশে ফিরে গিয়েছেন অজি শিবিরের চার ক্রিকেটার। এবার সেই তালিকায় নাম জুড়ল আরো এক ক্রিকেটারের। তবে এবার কারন চোট নয়, ঘরোয়া ক্রিকেট খেলতে দল থেকে ছেড়ে দেওয়া হল স্পিনার অ্যাশটন আগারকে। পশ্চিম অস্ট্রেলিয়ার হয়ে খেলতে দেখা যাবে তাঁকে।
ভারতের বিরুদ্ধে সিরিজে এই মুহূর্তে ০-২ পিছিয়ে অস্ট্রেলিয়া। সন্তানের জন্মের কারণে প্রথম ক্রিকেটার হিসাবে দেশে ফিরে গিয়েছিলেন মিচেল সোয়েপসন। দিল্লি টেস্টে হারের পর পারিবারিক কারণে দেশে ফেরেন প্যাট কামিন্স। চোটের কারণে অস্ট্রেলিয়ায় ফিরেছেন জশ হেজলউড এবং ডেভিড ওয়ার্নারও। এ বার ফিরছেন আগারও। তবে তার পরিবর্ত হিসাবে এখনো কারোর নাম ঘোষনা করেনি অস্টেলিয়ার ক্রিকেট বোর্ড।
তবে অস্ট্রেলিয়ার নির্বাচক টনি ডডারমেড সংবাদমাধ্যমকে জানিয়েছেন, লাল বলের ক্রিকেটে আগারের থেকে যা চাওয়া হয়েছে, সেটা এই মুহূর্তে তিনি দিতে পারবেন না। মঙ্গলবার হোটেলে আগারের সঙ্গে দেখা করেন টনি। সেখানেই ঠিক হয়, আগারকে দেশে ফেরানো হবে। তবে এক দিনের সিরিজের আগে আবার ভারতে ফিরবেন তিনি। বিশ্বকাপের কথা মাথায় রেখে অস্ট্রেলিয়ার পরিকল্পনার মধ্যে রয়েছেন আগার।
