
নয়াদিল্লি, ৩০ জুন: শনিবার সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে লেবাননের বিরুদ্ধে নামার আগেই ফিফার র্যাঙ্কিংয়ে প্রথম ১০০-র মধ্যে চলে এল ভারত। ভারতীয় ফুটবলের কাছে খুবই সুখবর। বৃহস্পতিবার রাতে ফিফা এই রাঙ্কিং প্রকাশ করেছে। আন্তর্মহাদেশীয় কাপের ফাইনালে লেবাননকে হারিয়েছিল ভারত। তারা এক র্যাঙ্কিং পয়েন্ট হারায়। তাতেই লেবাননকে টপকে ১০০ নম্বরে চলে এসেছে ভারত। আর ভারতের থেকে এগিয়ে থাকা লেবানন চলে গিয়েছে ভারতের পিছনে। ভারতের কোচ ইগর স্তিমাচ এই খবরে খুশি। ইগর বলেছেন, “আমি খুশি। কিন্তু আগামী দিনে আমাদের এই জায়গাটা ধরে রাখতে হবে।”
উল্লেখ্য, চলতি মাসে ভারত আন্তর্জাতিক সাতটি ম্যাচের মধ্যে পাঁচটি জিতেছে এবং দু’টিতে হেরেছে। এর ফলে তারা ৪.২৪ র্যাঙ্কিং পয়েন্ট পেয়েছে। এশিয়ান ফুটবল সংস্থাতেও ভারত রয়েছে ১৮ নম্বরে। জুন মাসের শেষে রয়েছে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ড্র। সেখানে রেংকিংয়ে ভারতের এই উন্নতি প্রভাব ফেলতে পারে। সাফ কাপে এই লেবাননের বিরুদ্ধেই খেলতে হবে সুনীল ছেত্রীদের। কিন্তু র্যাঙ্কিং পয়েন্টে লেবাননের থেকে ৩.১৬ পয়েন্টে এগিয়ে থাকায় ভারতের খুব একটা অসুবিধা হবে না।
