
লন্ডন, ৭ জুন : এই সময় ইংল্যান্ডে কন্ডিশন বিবেচনায় টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়াকে ফেভারিট মনে করছেন অনেকেই। তবে ইংল্যান্ডেও ভারতের জেতার সামর্থ্য আছে, তা মনে করিয়ে দিয়েছেন নাসের হুসাইন। ইংলিশ প্রাক্তন অধিনায়কের মতে, সাহসী সিদ্ধান্ত নিতে পারলেই প্রতিপক্ষ থেকে এগিয়ে থাকবে ভারতীয় দল। আজ টেস্ট ক্রিকেটের শিরোপার লড়াইয়ে ওভালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সাউথ্যাম্পটনে সেবার নিউজিল্যান্ডের কাছে পাত্তা পায়নি ভারত। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে হেরে গিয়েছিল ৮ উইকেটে। ওই ম্যাচ থেকে এবার ভারতকে শিক্ষা নিতে বলেছেন নাসের।
ইংলিশ কন্ডিশন এমনিতেই পেসারদের জন্য সহায়ক। সেখানে গত ফাইনালে আকাশ ছিল বেশিরভাগ দিনই মেঘলা। বৃষ্টির বাধায় রিজার্ভ ডে-তেও গড়ায় ম্যাচ। অমন কন্ডিশনে চার পেসার ও একজন পেস বোলিং অলরাউন্ড নিয়ে খেলে কিউইরা। এরজন্য ভারতের ২০টি উইকেটই নিতে পারে দলটি। ভারত সেবার তিন পেসারের সঙ্গে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজাকে নিয়েছিল। এই দুই স্পিনার খুব একটা সুবিধা করতে পারেননি। আইসিসি রিভিউয়ে নাসের হুসাইন তাই ভারতকে পরামর্শ দিয়েছেন এবার কন্ডিশন বুঝে একাদশ সাজানোর।
তিনি বলেছেন,“আমার মনে হয়, অস্ট্রেলিয়ায় গিয়ে ভারত যেমনটা দেখিয়েছে, তাতে বোঝা যায়, যে কোনো কন্ডিশনে জিততে পারে ভারত। আবহাওয়া যদি ভালো থাকে, ওভালে যদি সূর্য আলো ছড়ায়, তা তাদের দলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। তাহলে তারা দুই স্পিনার, দুই পেসারের ফর্মুলায় যেতে পারে, সঙ্গে তৃতীয় পেসার হিসেবে শার্দুল ঠাকুরকে নিতে পারে।” সেই সঙ্গে তিনি বলেছেন, “গত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দিকে যদি তাকানো যায়, তাহলে আমার মনে হয় ভারত কন্ডিশন পড়তে ভুল করেছিল। পাঁচ দিনই ফ্লাডলাইন জ্বলেছে, আকাশ মেঘাচ্ছন্ন ছিল, আবহাওয়া ছিল শীতল। নিউজিল্যান্ড ফ্রন্ট-লাইন স্পিনার খেলায়নি। ভারত খেলিয়েছিল দুইজন। আমার মনে হয়, সিম ও সুইং আধিপত্য করেছিল।”
সবশেষ বোর্ডার-গাভাস্কার সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের সিরিজ জয়ের পথে অশ্বিন ও জাদেজা যে ভূমিকা নিয়েছিলেন ইংল্যান্ডের কন্ডিশনে বল হাতে তাঁরা তেমন ভূমিকা রাখতে পারবেন বলে মনে হচ্ছে না নাসেরের। ওভালে নিজেদের সবশেষ টেস্টে ইংল্যান্ডকে ১৫৭ রানে হারিয়েছিল ভারত। ২০২১ সালের ওই ম্যাচ থেকে প্রেরণা নিতে পারে দলটি। ওভালে তাই দারুণ একটি লড়াইয়ের আশায় আছেন জনপ্রিয় এই ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক নাসের। নাসের বলেছেন, “ওভালে কিছু ভালো ক্রিকেট খেলেছে ভারত। চমৎকার একটি ম্যাচে গতবার সেখানে তারা ইংল্যান্ডকে হারিয়েছিল। আমি মনে করি, ওভাল ভারতের জন্য ভালো একটি ভেন্যু।”
