
কলকাতা, ১২ এপ্রিল : ভারতীয় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। ২০০৮ সালে টুর্নামেন্টের শুরু থেকেই নজর পড়েছে বিশ্বের প্রতিটি দেশের। অনেকেই জানতে চান কীভাবে জনপ্রিয় হল এ টুর্নামেন্ট?
যেভাবে আইপিএলের যাত্রা শুরু:
এই জমজমাট এ টুর্নামেন্টের যাত্রাপথ মোটেও সহজ ছিল না। ১৯৯৭ সালে জি নেটওয়ার্ক আর ললিত মোদির প্রমোট করা ইএসপিএনের মাঝে খেলা প্রচার স্বত্ব নিয়ে রেষারেষির তৈরি হয়। এর মাঝে এসএল গ্রুপের সিইও সুভাষ চন্দ্র জি স্পোর্টস চালু করেন।
জি স্পোর্টসের সুভাষ চন্দ্র চেয়েছিলেন ললিত মোদিকে হটিয়ে ক্রীড়া বাণিজ্যে প্রবেশ করতে। কিন্তু ললিত মোদি সেটি হতে দেননি। তিনি সে সময়ে ভারতীয় ক্রিকেট প্রশাসক জগমোহন ডালমিয়াকে জি স্পোর্টসকে প্রচার স্বত্ব দিতে নিষেধ করেন। তবে বাধার মুখে জি স্পোটর্স বসে থাকেনি। তারা
অন্যদেশের ক্রিকেট ম্যাচ দেখানো শুরু করে।
অবশেষে ললিত মোদির মাথায় আছে নতুন পরিকল্পনা। তিনি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগের ধারণা নিয়ে হাজির হন। যেখানে বড় বড় ব্যবসায়ীসহ বলিউড তারকাদের নিয়ে আসেন ললিত মোদী। তৈরি করেন আটটি ফ্রাঞ্চাইজি। এরপরই শুরু হয়ে যায় আইপিএলের যাত্রা।
ললিত মোদির ধারণা থেকে তৈরি হওয়া আইপিএল এই মুহূর্তে টাকার হিসেবে ছাড়িয়ে যাচ্ছে অতীতের সব আয়ের রেকর্ড
আইপিএলের আয় :
২০১৪ সালে আইপিএল থেকে আয় করেছিল ৩২০ কোটি মার্কিন ডলার (৩৩ হাজার কোটি টাকার ওপরে)। পরের বছরগুলোতে এ রেকর্ড ছাড়িয়ে নতুন নতুন আয় শুরু করে আইপিএল। ২০১৯ সালে ভারতীয় ক্রিকেট সংস্থা আনুমানিক ৬২ হাজার কোটি টাকা আয় করেছে, যা আগের আসরের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি।
কীভাবে আসে এত আয়?
আইপিএলের আয়ের প্রধান উৎস মিডিয়া স্পনসরশিপ। ২০০৮ সালে কর্তৃপক্ষ সিঙ্গাপুরভিত্তিক মার্কেটিং এজেন্সি ওয়ার্ল্ড স্পোর্টস গ্রুপের কাছে আইপিএল প্রচার স্বত্ব বিক্রি করে। তখন ভারতের সনি ম্যাক্স সেই খেলা সম্প্রচার করে। সেখান থেকে আয় হয় প্রায় ১০৭ কোটি টাকা। পরের ১০ বছরে শুধুমাত্র সম্প্রচার স্বত্ব বিক্রি করে আয় হয়েছে ৯ হাজার ৮২৪ কোটি টাকার ওপরে।
ওয়ার্ল্ড স্পোর্টস গ্রুপের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পরে সারা বিশ্বের বড় বড় মিডিয়ার তোড়জোড় শুরু হয় আইপিএলের স্বত্ব নিতে। তখন সেটি নিয়ে নিলাম হয়। নিলামে ফক্স টিভি আর ফেইসবুক আইপিএলকে ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত ৬ হাজার ৩০০ কোটি টাকা অফার করে।
তবে ২০১৭ সালে স্টার ইন্ডিয়ার কাছে প্রায় ২৭ হাজার কোটি টাকার ওপরে (২ দশমিক ৫৫ বিলিয়ন ডলার) আইপিএল পাঁচ বছরের সম্প্রচার স্বত্ব বিক্রয় করে। তাতে ২০০৮ সালে ম্যাচপ্রতি ১০ কোটি টাকা আয় বেড়ে ২০১৮ সালে দাঁড়ায় ৮৫ কোটি টাকায়। শুধু আয় নয়, ভারতের জিডিপিতে এই আইপিএল রাখছে বিশাল অবদান।
