
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রোনাল্ডোর ক্লাব আল নাসেরকে নির্বাসিত করল ফিফা। এর ফলে বিপদে পড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফিফা সৌদি আরবের জনপ্রিয় ক্লাব আল নাসেরকে ব্যান করল আগামী তিন বছেরর জন্য। ফিফার নির্দেশে বলা হয়েছে, ট্রান্সফার ব্যানের শাস্তি হল আন নাসেরের। যে কারণে আগামী তিন মরসুম রোনাল্ডোর দল আর কোনও নতুন ফুটবলারকে নিতে পারবে না।
আল নাসেরের ওই ফুটবলার হলেন আহমেদ মুসা। লিস্টার সিটি থেকে ২০১৮ সালে তিনি আল নাসেরে যোগ দিয়েছিলেন। চুক্তি অনুযায়ী, ট্রান্সফারের পরেও অতিরিক্ত অর্থ হিসাবে লিস্টার সিটিকে তিন লক্ষ ৯০ হাজার পাউন্ড বা চার কোটি ১৮ লক্ষ টাকা দিতে হত আল নাসেরকে। কিন্তু সেই টাকা সৌদি আরবের ক্লাবটি দেয়নি। লিস্টার সিটি অভিযোগ জানিয়েছিল ফিফা। অভিযোগের সত্যতা খতিয়ে দেখে ফিফা এই নির্দেশ দিয়েছে। পাল্টা আল নাসের ক্রীড়া বিষয়ক সর্বোচ্চ আদালত কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসে (ক্যাস) গেলেও লাভ হয়নি।
তবে এই নির্বাসন বেশি দিন হয়তো থাকবে না। লিস্টারকে প্রাপ্য টাকা আল নাসের মিটিয়ে দিলেই তাদের নির্বাসন উঠে যাবে। ফলে রোনাল্ডোদের আগামী দিনে খেলতে সমস্যা থাকবে না।
উল্লেখ্য, চলতি বছরের ১ জানুয়ারি ইস্টবেঙ্গলকে নির্বাসিত করে ফিফা। ইরানের ফুটবলারের ওমিদ সিংহের সঙ্গে চুক্তি নিয়ে ঝামেলা হয়েছিল ক্লাবের। চূড়ান্ত চুক্তিতে ওমিদ সই করে দেওয়ার পরেও ইস্টবেঙ্গল শেষ মুহূর্তে পিছিয়ে আসে। কিন্তু ওমিদ চুক্তিতে সই করায় তিনি প্রাপ্য টাকা দাবি করে বসেন। ইস্টবেঙ্গল তা দিতে না চাইলে ওমিদ ফিফায় আবেদন করেন। ফিফা নির্বাসিত করে লাল-হলুদকে। সেই নির্বাসন উঠে যায় ২৮ দিনের মাথায়।
