
কলকাতা, ১২ জুলাই : বিশ্বকাপে একের পর এক চমক জাগানো নরওয়ে এদিনও ইংল্যান্ডের বিরুদ্ধে চমক জাগিয়েছিল। প্রথমে গোল করে তারাই সেমিফাইনালে ওঠার স্বপ্ন দেখছিল। কিন্তু শুরুর ধাক্কা সামলে ইংল্যান্ড নরওয়ের সেই স্বপ্ন ভেঙে চুরমার করে দেয়। এর কৃতিত্ব জুড বোলিং হ্যামের। টানা দ্বিতীয় ম্যাচে করলেন জোড়া গোল। তারকা এই মিডফিল্ডারের কাঁধে চেপে বিশ্বকাপের সেমি-ফাইনালে উঠল টমাস টুখেলের দল। মায়ামি গার্ডেন্সের হার্ড রক স্টেডিয়ামে ভারতীয় সময় রবিবার সকালে শেষ হওয়া কোয়ার্টার-ফাইনালে নর ওয়েকে হারিয়ে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়নরা জয় পেয়েছে ২-১ গোলে। প্রথমার্ধে আন্দ্রেয়াস শেলদেরিপকের গোলে এগিয়ে গিয়েছিল নরওয়ে। অতিরিক্ত সময়ের বিরতিতে হালান্ডকে তুলে নেন কোচ স্তলে সুরবাকেন। বদলি নামেন ইয়োর্গেন স্ত্রান্দ লারসেন। শেষ কয়েক মিনিট মরিয়া হয়ে নরওয়ে চেষ্টা করে, কিন্তু লড়াইয়ে আর নাটকীয়তা ফেরাতে পারেনি তারা।
এদিন নতুন ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল নরওয়ে ফেভারিট ইংল্যান্ডের বিরুদ্ধে। চোখে চোখ রেখে লড়াই করল তারা। বল পজেশন রাখার পাশাপাশি আক্রমণেও প্রায় সমান-সমান ছিল তারা। গোলের জন্য নরওয়ের ১৩ শটের চারটি ছিল লক্ষ্যে, ইংলিশদের ১৪ শটের আটটি ছিল লক্ষ্যে। এই নিয়ে চতুর্থবার কোয়ার্টার ফাইনালের বাধা পার করতে পারল ইংল্যান্ড। ১৯৬৬ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর, ১৯৯০ ও ২০১৮ আসরে সেমিফাইনালে শেষ হয়েছিল তাদের যাত্রা।
