
কলকাতা, ১৩ জানুয়ারি : ইডেনে সিরিজ পকেটে পুড়ে শেষ ম্যাচ খেলতে শহর ছাড়ল ভারতীয় দল । সিরিজের শেষ ম্যাচ খেলতে ভারতীয় দল তিরুঅনন্তপুরম উড়ে গেল দুপুর পৌনে বারোটার ফ্লাইটে। তবে দলের সঙ্গে গেলেন না ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় । তার আগে ভোরেই শহর ছাড়েন দ্রাবিড় । শোনা গেল, তিনি হয়তো নিজের শহর বেঙ্গলুরুতে ফিরে যাচ্ছেন। তবে ঠিক কী কারণে দ্রাবিড় টিমের সঙ্গে যাচ্ছেন না, সেটা নিশ্চিত বলা যাচ্ছে না।
তবে শহরে আসার পর থেকেই রাহুলের শরীরটা ভাল যাচ্ছিল না। আগের রাতে টিম হোটেলে কিছু ওষুধ চেয়ে পাঠান রোহিত শর্মাদের হেডস্যর। শোনা যাচ্ছিল, আগের রাতে নাকি উচ্চরক্তচাপের সমস্যা ভুগিয়েছে তাঁকে। তবে ভারতীয় টিমের সঙ্গে যুক্ত কেউ কেউ এদিন বলছিলেন, সেরকম গুরুতর কিছু নয়। রাহুল দ্রাবিড় নিয়মিত যে সব ওষুধপত্র খান, সেটাই নাকি হোটেলে পাঠানো হয়েছিল। যদিও দ্রাবিড় পরে ম্যাচের আগে দলের সঙ্গে তিরুবনন্তপুরমে যোগ দেবেন কি না, সেটাও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
