
কলকাতা, ১১ জানুয়ারি : আগামী ১২ জানুয়ারি ইডেনে ভারত- শ্রীলঙ্কা ম্যাচে সদ্য প্রয়াত ফুটবল সম্রাট পেলেকে বিশেষ সম্মান জানাবে সিএবি। ওই ম্যাচে আমন্ত্রণ জানান হয়েছে কসমস ম্যাচের মোহনবাগান টিমকে ।
দিন কয়েক আগে প্রয়াত হয়েছেন ফুটবল সম্রাট পেলে । যিনি সাতাত্তরের ইডেনে খেলে গিয়েছিলেন মোহনবাগানের বিরুদ্ধে কসমসের জার্সি গায়ে। আগামী বৃহস্পতিবারের ম্যাচে ইতিমধ্যেই আমন্ত্রণ জানান হয়েছে সাতাত্তরের কসমস ম্যাচে খেলা মোহনবাগান টিমের সদস্য গৌতম সরকার, প্রদীপ চৌধুরী, সুব্রত ভট্টাচার্য, শ্যাম থাপাদের । তাঁদের ইডেনে ভারত- শ্রীলঙ্কা ম্যাচে আমন্ত্রণ জানিয়ে ফুটবল সম্রাট পেলেকে স্মরণ করতে চাইছে সিএবি। শোনা গেল, ম্যাচের মাঝে কোনও একটা সময় পেলেকে নিয়ে এক মিনিটের তথ্যচিত্রের বন্দোবস্ত করছে সিএবি। যা অবশ্যই ম্যাচ ঘিরে শহরের দর্শকদের মধ্যে আবেগের নতুন দিগন্ত খুলে দেবে।
