
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃনতুন ক্লাবে অভিষেক ম্যাচে গোল করতে কে না চায়! করিম বেনজেমা এক কাঠি সরেস। শুধু নিজে গোল করা নয়, সতীর্থকে দিয়েও গোল করিয়েছেন। আর তাঁর করা গোলটিও ছিল চোখ ধাঁধানো, ঠিক যেন হারানো দিনের বেনজেমা! রিয়াল মাদ্রিদে থাকতে বাঁ প্রান্ত দিয়ে বক্সের কোনার সামনে থেকে বাঁকানো শটে অনেক গোলই করেছেন, আল ইত্তিহাদের হয়ে কাল অভিষেকেও দেখা গেল সেই বেনজেমাকেই। দ্যুতিময় গোলে দলকে জেতানোর পর ম্যাচের ছবিসহ পোস্ট করা টুইটে বেনজেমা লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’
আল ইত্তিহাদে বেনজেমার অভিষেক হয়েছে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের গ্রুপপর্বে তিউনিসিয়ার ক্লাব ইএস তিউনিসের বিপক্ষে। ম্যাচটিতে ২-১ গোলে জিতেছে আল ইত্তিহাদ। ২৬ মিনিটে ইএস তিউনিস গোল করে এগিয়ে যাওয়ার পর দলকে জেতানোর দায়িত্ব বেনজেমা যেন একার কাঁধে তুলে নিয়েছিলেন।
৩৫ মিনিটে বাঁ প্রান্ত থেকে দেওয়া ক্রসে হামাদুল্লাহকে দিয়ে গোল করিয়েছেন। তাঁর ক্রসে মাথা ছুঁইয়ে গোল করেন আল ইত্তিহাদের এই স্ট্রাইকার। এরপর ৫৫ মিনিটে ধরা দিয়েছে সেই মাহেন্দ্রক্ষণ, যখন বেনজেমার গোলটি দেখে বুঝে নেওয়া যায় ৩৫ বছর বয়সী এই স্ট্রাইকারকে কেন মৌসুম প্রতি প্রায় ৮ কোটি ৬০ লাখ পাউন্ড পারিশ্রমিকে দলে টেনেছে আল ইত্তিহাদ।মাঝমাঠ থেকে সতীর্থের পাস পেয়েছিলেন বেনজেমা। দাঁড়িয়ে ছিলেন বাঁ প্রান্তে। বল পেয়েই শুরু করেন দৌড়। বক্সের কোনার মাথা পর্যন্ত আসার আগে তিউনিসের দুই ডিফেন্ডার দুই পাশ থেকে তাঁকে আটকানোর চেষ্টা করেছিলেন। এমন পরিস্থিতিতে বেনজেমা সাধারণত কী করে থাকেন রিয়ালের সমর্থকরা তা বহুবার দেখেছেন— দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে বাঁকানো শট।
মাঝমাঠ থেকে সতীর্থের পাস পেয়েছিলেন বেনজেমা। দাঁড়িয়ে ছিলেন বাঁ প্রান্তে। বল পেয়েই শুরু করেন দৌড়। বক্সের কোনার মাথা পর্যন্ত আসার আগে তিউনিসের দুই ডিফেন্ডার দুই পাশ থেকে তাঁকে আটকানোর চেষ্টা করেছিলেন। এমন পরিস্থিতিতে বেনজেমা সাধারণত কী করে থাকেন রিয়ালের সমর্থকরা তা বহুবার দেখেছেন— দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে বাঁকানো শট।
বেনজেমার মতোই চেলসি থেকে মুক্ত খেলোয়াড় হিসেবে আল ইত্তিহাদে যোগ দেওয়া এনগোলো কান্তেরও এই ম্যাচে অভিষেক হয়েছে। ফরাসি মিডফিল্ডারকে বেঞ্চ থেকে মাঠে নামিয়েছিলেন আল ইত্তিহাদ কোচ নুনো এসপিরিতো। রোববার এই টুর্নামেন্টে দ্বিতীয় ম্যাচে তিউনিসিয়ার দল সিএস সাফাক্সিয়ানের মুখোমুখি হবে আল ইত্তিহাদ।
