
মাদ্রিদ, ৩ মার্চ : বলের নিয়ন্ত্রণ বেশিরভাগ সময়েই ছিল রিয়াল মাদ্রিদের দখলে। গোলের সুযোগও বেশি তৈরি করে রিয়াল। কিন্তু দিনান্তে আত্মঘাতী গোলে রিয়ালকে ০-১ গোলে হারাল বার্সেলোনা। কোপা দেল রে-র সেমিফাইনালের প্রথম সাক্ষাতে বার্সেলোনা জিতল। ম্যাচটি ছিল রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ স্যান্টিয়াগো বার্নাব্যুতে।
কোপা দেল রে-র সেমিফাইনালের প্রথম সাক্ষাতে বার্সেলোনা জেতার ফলে ফাইনালের টিকিট জোগাড় করার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে ক্যাটালান ক্লাবটি। ৫ এপ্রিল ফিরতি ম্যাচ দু’ দলের। এর আগে স্প্যানিশ সুপার কাপে মুখোমুখি হয়েছিল বার্সা ও রিয়াল। সেই সাক্ষাতে বার্সেলোনা ৩-১ গোলে হারিয়েছিল রিয়ালকে। ফলে কোপা দেল রে-র এল ক্লাসিকো ছিল রিয়ালের কাছে প্রতিশোধের ম্যাচ।
বার্সার হয়ে এল ক্লাসিকোয় খেলেননি পেড্রি এবং লেওয়নডস্কি। এই দুই তারকা না থাকায় বার্সা কিছুটা ভুগেছে ঠিকই। ম্যাচের ৩০ মিনিটে রিয়াল গোল হজম করে। থিবাও কুর্তোয়া বল বাঁচালেও মিলিতাওয়ের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে রিয়াল। গোল হজম করার পরে রিয়াল মাদ্রিদ সমতা ফেরানোর চেষ্টা করে। কিন্তু খেলার গতির বিপরীতে গোল হজম করায় রিয়াল কিছুটা এলোমেলো হয়ে যায়।
