
সুইজারল্যান্ড, ২৮ জুলাই : গত মার্চে স্পেনের রেফারি কমিটির প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট হোসে মারিয়া এনরিকেস নেগরেইরাকে বার্সেলোনার অর্থ দেওয়ার অভিযোগে এনে বার্সার বিরুদ্ধে মামলা করেছিল স্পেনের পাবলিক প্রসিকিউটর অফিস। পরবর্তীতে বার্সেলোনার একটি আদালত মামলা হাতে নেয়।
উল্লেখ্য স্পেনের রেফারিদের টেকনিক্যাল কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিলেন নেগরেইরা। ২০০১ থেকে ২০১৮ সালের মধ্যে নেগরেইরারের কোম্পানি ‘ডিএএসএনআইএল নাইন্টি ফাইভ’-কে বার্সার পক্ষ থেকে ৭৩ লাখ ইউরো দেওয়ার অভিযোগ উঠেছে। এনিয়ে পরে আনুষ্ঠানিক তদন্ত শুরু করে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্তা সংস্থা উয়েফাও। উয়েফা বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে জানিয়েছে, আসন্ন ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় খেলার জন্য অস্থায়ীভাবে বার্সাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। উয়েফা প্রতিযোগিতায় ক্লাবটির অন্তর্ভুক্তি কিংবা বাদ দেওয়ার ব্যাপারটা নিয়ে ভবিষ্যতে আলোচনা হবে বলেও জানিয়ে দিয়েছে উয়েফা।
