
ঢাকা, ১১ মার্চ : মেজাজ হারিয়ে বিতর্কে জড়িয়ে পড়লেন বাংলাদেশের ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে হারায় বাংলাদেশ। তারপরে এক অনুষ্ঠানে গিয়েছিলেন সাকিব। সেখানেই তাঁর ভক্তরা ঘিরে ধরলে মেজাজ হারিয়ে ফেলেন সাকিব। ওই অনুষ্ঠানে সাকিবকে দেখে সই নেওয়ার ও সেল্ফি তোলার জন্য ঘিরে ধরেন বহু ভক্ত। নিরাপত্তারক্ষীদের বেড়াজাল টপকে সাকিবকে ঘিরে ফেলে জনতার ঢল। কার্যত জনতার মাঝে বন্দি হয়ে যান তিনি। এমনই সময় এক ব্যক্তি সাকিবকে ছোঁয়ার চেষ্টা করলে বেজায় চটে যান অধিনায়ক। মাথার টুপি খুলে ওই ভক্তকে বার কয়েক মারতে থাকেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। পরে আরও নিরাপত্তারক্ষী ঘটনাস্থলে এসে সাকিবকে উদ্ধার করে। কিন্তু টি-টোয়েন্টি সিরিজের মাঝে এমন অনুষ্ঠানে যাওয়ার নিয়ম কী রয়েছে? উঠছে প্রশ্ন। এর আগে মাঠেও বিতর্কে জড়িয়ে ছিলেন সাকিব।
