
বেঙ্গালুরু, ১১ নভেম্বর : আইএসএলে আজ লড়াই লিগ টেবিলের আট নম্বরে থাকা বেঙ্গালুরু এফসি-এর বিরুদ্ধে দশ নম্বরে থাকা ইস্টবেঙ্গলের। দুই দলই নিজেদের শেষ দুই ম্যাচ হেরেছে। ফলে শুক্রবার হারের হ্যাটট্রিক এড়ানোর লড়াইয়ে নামছে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু আর ক্লেটন সিলভার ইস্টবেঙ্গল ।
ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হলেও আইএসএলে ছন্দে নেই সুনীল ছেত্রীরা । ক্যাপ্টেনের অফ ফর্মের প্রভাব পড়ছে বেঙ্গালুরুর খেলায়। তবে প্রতিপক্ষকে হালকা ভাবে নেওয়ার ভুল করতে নারাজ ইস্টবেঙ্গলের অন্যতম অধিনায়ক ক্লেটন। বলছেন, “আমরা কিছু ক্ষেত্রে ভুল করছি। আর বেঙ্গালুরুর অবস্থাও অনেকটা আমাদের মত। লিগে এখনও ছন্দ খুঁজে না পেলেও ওদের কয়েকজন দুর্দান্ত ফুটবলার আছে। এমন প্রতিপক্ষকে গুরুত্ব দিতেই হবে।
ঘরের মাঠে ওরা জেতার জন্য মরিয়া থাকবে। তবে আমাদের সাহসী ফুটবল খেলে তিন পয়েন্টের জন্য ঝাঁপাতে হবে।” গত দুই মরশুম বেঙ্গালুরুর হয়ে খেলেছেন ক্লেটন। আইএসএলে দু’বছরে ১৬ গোল আর ৭ অ্যাসিস্টের পরও এবছর তাঁকে দলে রাখা হয়নি। ফলে শুক্রবার কান্তিরাভা স্টেডিয়ামে ম্যাচটা ক্লেটনের কাছে জবাব দেওয়ার মঞ্চও।
বেঙ্গালুরুকে গুরুত্ব দেওয়ার কথা শোনা গিয়েছে স্টিফেন কনস্ট্যানটাইনের মুখেও। ইস্টবেঙ্গল কোচের কথায়, “বেঙ্গালুরু স্কোয়াড ধরে রাখার সুবিধা পাচ্ছে। তার উপর সাইমন গ্রেসন ভাল কোচ। ওদের বিরুদ্ধে লড়াইটা সহজ হবে না।”
