
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শুরুতেই অঘটন!স্ট্রেট সেটে হেরে বিদায় নিলেন রাফায়েল নাদাল। গত বারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। আমেরিকার ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ডের বিরুদ্ধে ৪-৬, ৪-৬, ৫-৭ সেটে হেরে গেলেন নাদাল।
২২টি গ্র্যান্ড স্ল্যামজয়ী নাদাল চোট নিয়ে ভুগছেন। বুধবার তিনি যখন প্রথম সেটে হেরে দ্বিতীয় সেটে ৩-৫ ফলে পিছিয়ে সেই সময় চিকিৎসক ডাকতে হয়। কোমরের বাঁদিকে চোট রয়েছে তাঁর। ৩৬ বছরের নাদাল আবার কোর্টে ফিরে আসেন, কিন্তু চোটের কারণে তাঁর খেলতে অসুবিধা হচ্ছিল। সেই নিয়েও তিনি খেলা চালিয়ে যান। কিন্তু শেষ পর্যন্ত বিশ্বের ৬৫ নম্বর খেলোয়াড়ের বিরুদ্ধে হেরে গেলেন নাদাল।
এ বারের অস্ট্রেলিয়ান ওপেনে শীর্ষ বাছাই ছিলেন নাদাল। চিকিৎসার জন্য যখন নাদাল কিছুটা সময় নিচ্ছিলেন, সেই সময় দর্শক আসনে থাকা নাদালের স্ত্রী মারিয়াকে বেশ ভেঙে পড়তে দেখা যায়। হেরে যাওয়ার পর চোখের জল আটকাতে পারেননি মারিয়া। চোটের কারনে নিজের সেরা টুকু দিতে যে ব্যর্থ হচ্ছিলেন নাদাল, তা তার খেলাতে প্রতিফলিত হচ্ছিল ম্যাচ জুড়ে। কিন্তু লড়াই ছাড়েননি তিনি। শেষ পর্যন্ত খেলেন। যদিও স্ট্রেট সেটে হেরেই বিদায় নিতে হয় তাকে।
