
নাগপুর, ৯ ফেব্রুয়ারি : রবীন্দ্র জাডেজার পরে এবার রবিচন্দ্রন অশ্বিন। মধ্যাহ্নভোজের বিরতির পর এই দুই বোলারের দাপটে চাপে অস্ট্রেলিয়া। ইতিমধ্যেই সপ্তম উইকেট হারিয়েছে তারা। দ্রুততম ভারতীয় বোলার হিসাবে টেস্টে ৪৫০ উইকেট নিলেন অশ্বিন। টপকে গেলেন অনিল কুম্বলেকে।
মধ্যাহ্নভোজের বিরতির আগে অস্ট্রেলিয়াকে টানছিলেন স্টিভ স্মিথ ও মার্নাশ লাবুশেন। মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত তাঁদের আউট করা যায়নি। কিন্তু বিরতির পরেই অস্ট্রেলিয়াকে জোড়া ধাক্কা দিল ভারত। পর পর দু’বলে দু’উইকেট নিলেন রবীন্দ্র জাডেজা। তাঁর স্পিনের ভেল্কিতে খেলায় ফিরল ভারত।
মধ্যাহ্নভোজের বিরতির পরে প্রথমে আউট হন লাবুশেন। ইনিংসের শুরু থেকেই পায়ের ব্যবহার করছিলেন তিনি। উইকেট থেকে বেরিয়ে খেলছিলেন। সেখানেই লাবুশেনকে ফাঁদে ফেললেন জাডেজা। অফস্টাম্পে বাইরে কিছুটা মন্থর গতিতে করা বল মারতে গিয়ে মিস করলেন লাবুশেন। বল ঘুরে চলে গেল উইকেটরক্ষক শ্রীকর ভরতের হাতে। তখন ক্রিজ ছেড়ে বেরিয়ে এসেছেন লাবুশেন। আর ফিরতে পারলেন না তিনি। ৪৯ রানের মাথায় স্টাম্প আউট হলেন তিনি।
