
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: এবারের ২১ জুলাইয়ের শহিদ দিবস ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক আবহ ছিল অন্যবারের তুলনায় অনেকটাই ভিন্ন। একাধিক রাজনৈতিক শিবির পৃথকভাবে শহিদ দিবস পালন করায় নজর কেড়েছে রাজ্যের রাজনৈতিক মহল। এরই মধ্যে তৃণমূল কংগ্রেসের সমাবেশে আগের মতো টলিউডের পরিচিত মুখদের অনুপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে মন্তব্য করলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। একসময় ২১ জুলাইয়ের মঞ্চে রাজনৈতিক নেতাদের পাশাপাশি টলিউডের বহু অভিনেতা-অভিনেত্রী, গায়ক ও পরিচালককে দেখা যেত। কিন্তু এবারের সমাবেশে সেই চেনা তারকাসমাগম চোখে পড়েনি। বিষয়টি নিয়েই সামাজিক মাধ্যমে কটাক্ষ করেন শ্রীলেখা।
নিজের পোস্টে তিনি লেখেন, ‘মানুষ (এখানে অভিনেতা নেত্রীরা) বেশ নির্মম, বুঝলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি তো সবসময় একটু গ্ল্যামার-ঘেরা রাজনীতি পছন্দ করতেন—ডান-বাম, সামনে-পেছনে, চারপাশে সিরিয়ালের মুখ, সিনেমার মুখ, দু-পাঁচজন পরিচালক—এই সব মিলিয়েই যেন আপনার রাজনৈতিক দুনিয়া রমরমে ছিল। যাঁরা একসময় আপনার নাম ধরে, আপনার ভাইপোর নাম ধরে ঘুরে বেড়াতেন,আপনার করুণা ভিক্ষা করতেন আপনার আশেপাশেই থাকতেন, আজ তাঁদের অনেকেই অন্য শিবিরে চলে গেছেন। ক্ষমতার হাওয়া বদলাতেই আনুগত্যও বদলে গেছে। আপনি এসব হবে জানতেন না দিদি?’

পোস্টের শেষে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তিনি লেখেন, ‘এখানেই সবার জন্য একটা শিক্ষা আছে। আজ যারা রামের দুয়ারে, কাল পরিস্থিতি বদলালে তারা আবার অন্য দুয়ারেও যেতে পারে। আজ সেই ২১ জুলাই। ব্যক্তিগতভাবে বললে, আপনার জন্য আমার মনটা....( ফ্যাচফ্যাচ)’, আরও লেখেন শ্রীলেখা। উল্লেখ্য, এ বছর ২১ জুলাই শহিদ দিবস উপলক্ষে কলকাতায় পৃথকভাবে কর্মসূচির আয়োজন করে একাধিক রাজনৈতিক শিবির। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি সমাবেশ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আরেকটি কর্মসূচি এবং কংগ্রেসের আলাদা শহিদ দিবস পালন—সব মিলিয়ে রাজনৈতিকভাবে ব্যতিক্রমী হয়ে ওঠে এবারের ২১ জুলাই। এরই মধ্যে শ্রীলেখা মিত্রের সোশ্যাল মিডিয়া পোস্ট নতুন করে রাজনৈতিক মহলে আলোচনা উসকে দিয়েছে।
