
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: টলিপাড়ায় বেশ কিছুদিন ধরেই জোর চর্চা— অভিনেত্রী সোহিনী সরকার ও গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সংসারে নাকি আসতে চলেছে নতুন অতিথি। আগামী জুলাই মাসে তাঁদের বিবাহের দ্বিতীয় বর্ষপূর্তি। তার আগেই তারকাদম্পতিকে ঘিরে মাতৃত্বের সুখবরের জল্পনা ছড়িয়ে পড়েছে বিনোদন মহলে। যদিও এতদিন এই বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি শোভন বা সোহিনী। তবে সম্প্রতি এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রথমবার এই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী। তাঁর বক্তব্যেই যেন মিলল সুখবরের আভাস।
কয়েক সপ্তাহ ধরেই টলিপাড়ার অন্দরমহলে কানাঘুষো শোনো যাচ্ছিল, মা হতে চলেছেন সোহিনী। সম্প্রতি নিজের অভিনীত ছবি ‘ফেরা’-র প্রিমিয়ারেও দেখা যায়নি তাঁকে। সেই অনুপস্থিতিই জল্পনায় আরও ইন্ধন জোগায়। ইন্ডাস্ট্রির একাংশের দাবি, অভিনেত্রী ইতিমধ্যেই মাতৃত্বের পথে অনেকটাই এগিয়ে গিয়েছেন এবং চলতি বছরের অক্টোবরেই নতুন সদস্যের আগমন হতে পারে তাঁদের পরিবারে।

রবিবারের এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হালকা গোলাপি শাড়িতে হাজির হয়েছিলেন সোহিনী। স্বচ্ছ শাড়ির অন্তরালে উঁকি দিচ্ছে হালকা স্ফীতোদর! চোখেমুখে মাতৃত্বের গ্ল্যামার যেন ঠিকরে বেরচ্ছে! সেখানে সাংবাদিকরা মাতৃত্বের জল্পনা নিয়ে প্রশ্ন করতেই অভিনেত্রী কৌশলী উত্তর দেন। তিনি বলেন, “এটা একটা অ্যাওয়ার্ড ফাংশন। আমার মনে হয়, এখানে আমরা শুধু অ্যাওয়ার্ড আর শিল্পীদের কাজ নিয়েই কথা বলি। আমাদেরও নিশ্চয় সময় আসবে, যখন আমরা সবকিছু জানাব। ওটা তো আমাদের অধিকার। প্রত্যেকটা মানুষের অধিকার, এই আনন্দের মুহূর্তগুলো ভাগ করে নেওয়া। সেই সময় নিশ্চয় আমি ভাগ করে নেব।” অতঃপর তিনি যে মা হচ্ছেন, স্পষ্ট বুঝিয়ে দিলেন সোহিনী।
সোহিনীর এই মন্তব্যের পর থেকেই অনুরাগীদের মধ্যে জল্পনা আরও তীব্র হয়েছে। যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করেননি শোভন-সোহিনী। ঘনিষ্ঠ মহলের একাংশের দাবি, সুখবরের অপেক্ষা আর খুব বেশি দিনের নয়। তবে তারকাদম্পতি আপাতত ব্যক্তিগত এই অধ্যায়কে লাইমলাইটের বাইরে রাখতেই আগ্রহী। ফলে অনুরাগী থেকে শুরু করে টলিপাড়ার সহকর্মীরা এখন অপেক্ষায় রয়েছেন তাঁদের আনুষ্ঠানিক ঘোষণার।
