
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বহুদিন ধরেই ‘ডন ৩’ ঘিরে বলিউডে জোর চর্চা চলছে। শাহরুখ খানের সরে দাঁড়ানো থেকে শুরু করে রণবীর সিংকে ঘিরে বিতর্ক— সব মিলিয়ে ছবিটিকে কেন্দ্র করে উত্তেজনার পারদ ক্রমশ চড়েছে। এবার সেই জটিল পরিস্থিতি সামাল দিতে নাকি ময়দানে নেমেছেন সলমন খান। বলিউড সূত্রের দাবি, রণবীর সিং ও ফারহান আখতারের মধ্যে তৈরি হওয়া দূরত্ব মেটাতে উদ্যোগী হয়েছেন সলমন। জানা গিয়েছে, দুই পক্ষের সঙ্গেই আলাদা করে কথা বলেছেন তিনি। উদ্দেশ্য একটাই— বিতর্কের ইতি টেনে ইন্ডাস্ট্রির ক্ষতি এড়ানো।
একটি সূত্রের দাবি, সলমন ব্যক্তিগতভাবে রণবীর সিংকে পছন্দ করেন। একইসঙ্গে ফারহান আখতার ও তাঁর পরিবারের সঙ্গেও ভাইজানের দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। সেই কারণেই তিনি দুই পক্ষকে বোঝানোর চেষ্টা করছেন যাতে পরিস্থিতি আরও জটিল না হয়ে ওঠে। সূত্রের আরও দাবি, সলমন ফারহানকে বুঝিয়েছেন যে চলচ্চিত্র জগতে সৃজনশীল মতপার্থক্য নতুন কিছু নয়। অন্যদিকে রণবীরের সঙ্গেও দীর্ঘ আলোচনা করে তাঁর অবস্থান বোঝার চেষ্টা করেছেন তিনি। এমনকি ভবিষ্যতে বিতর্ক মিটে গেলে ফের একসঙ্গে কাজ করার পরামর্শও দিয়েছেন দুই তারকাকে।

উল্লেখ্য, ‘ডন ৩’ নিয়ে বিতর্কের শুরু শাহরুখ খানের সরে দাঁড়ানোকে কেন্দ্র করে। ‘ডন ২’-এর বিপুল সাফল্যের পর দর্শকরা তৃতীয় কিস্তিতেও কিং খানকেই দেখতে চেয়েছিলেন। তবে রিপোর্ট অনুযায়ী, ছবির চিত্রনাট্য ও কনসেপ্ট নিয়ে সন্তুষ্ট ছিলেন না শাহরুখ। ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর সাফল্যের পর তিনি আরও বৃহৎ দর্শকভিত্তিক বাণিজ্যিক ছবিতে মন দিতে চান বলেই এই সিদ্ধান্ত নেন। এরপর এক্সেল এন্টারটেইনমেন্ট রণবীর সিংকে নতুন ‘ডন’ হিসেবে ঘোষণা করতেই শুরু হয় বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় প্রবল ট্রোলিংয়ের মুখে পড়েন অভিনেতা। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন শুটিং শুরুর আগেই রণবীর ছবিটি ছেড়ে দেওয়ার খবর সামনে আসে।
শোনা যায়, ছবির স্ক্রিপ্টে একাধিক পরিবর্তন আনা হয়েছিল, যা নিয়ে আপত্তি ছিল রণবীরের। পাশাপাশি সাম্প্রতিক সাফল্যের পর নিজের ছবির বাছাইয়েও পরিবর্তন আনতে চাইছিলেন তিনি। অভিনেতার এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে FWICE-এর দ্বারস্থ হন ফারহান আখতার। অভিযোগ, রণবীরের হঠাৎ সরে দাঁড়ানোর ফলে প্রি-প্রোডাকশন ও বিদেশি শিডিউল মিলিয়ে প্রায় ৪৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। পরবর্তীতে FWICE রণবীরের বিরুদ্ধে ‘নন-কোঅপারেশন ডিরেকটিভ’ জারি করে। ফলে ইউনিয়নের আওতাধীন বহু কর্মী ও টেকনিশিয়ান রণবীরের প্রকল্পে কাজ না করার সিদ্ধান্ত নেন। যদিও এখন সলমন খানের হস্তক্ষেপে পরিস্থিতি নতুন মোড় নিতে পারে বলেই মনে করছে বলিউডের একাংশ।
