
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই, কিন্তু তাঁর উপস্থিতি থেমে থাকছে না মঞ্চ প্রাঙ্গণে। থিয়েটারের প্রতি গভীর ভালোবাসা থেকেই জীবনের শেষ দিন পর্যন্ত নাটকের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। গত দুই বছর ধরে সৌরভ পালোধী-র নাট্যদল ‘ইচ্ছেমতো’-র সঙ্গে নিবিড়ভাবে কাজ করেছেন রাহুল। তাঁর অভিনীত শেষ নাটক ‘যে জানালাগুলোর আকাশ ছিল’ দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছিল। রাহুলের অনুপস্থিতিতে এই নাটক মঞ্চস্থ হবে কি না, সেই প্রশ্ন উঠতেই আবেগঘন সিদ্ধান্তের কথা জানালেন পরিচালক সৌরভ পালোধী। তিনি জানান, রাহুলকে বাদ দিয়ে নয়, বরং তাঁকে স্মৃতিতে রেখেই মঞ্চে ফিরবে এই নাটক।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে সৌরভ বলেন, ‘ইচ্ছেমতো’ দলের অন্যতম জনপ্রিয় নাটক ছিল যে জানালাগুলোর আকাশ ছিল। এই নাটকটিতে শুধুমাত্র রাহুল অভিনয় করেছিলেন তা নয়, এই নাটকের চিত্রনাট্যকারও ছিলেন তিনি। তাই রাহুলকে ছাড়া এই নাটক একেবারেই অসম্পূর্ণ বলে জানান সৌরভ। সৌরভ বলেন, ‘প্রতিদিন রাহুলদা আসবেন, শো চলবে, শেষ হয়ে গেলে রাহুলদা বাড়ি চলে যাবেন। এইভাবেই রাহুলদা আমাদের মধ্যে থাকবেন। আগামী ১০ এপ্রিল দুপুর ১:৪৫ মিনিটে একাডেমি অফ ফাইন আর্টসে এই নাটকটির একটি বিশেষ শো আয়োজন করা হচ্ছে। প্রথমে আমরা ভেবেছিলাম একটা স্মরণ সভার আয়োজন করা হবে, কিন্তু পরে মনে হল এর থেকে ভালোভাবে আমরা রাহুলদাকে স্মরণ করতে পারতাম না।’ আগামী ১০ এপ্রিল কলকাতার অ্যাকাডেমি অফ ফাইন আর্টস-এ দুপুর ১টা ৪৫ মিনিটে এই নাটকের একটি বিশেষ শো আয়োজন করা হয়েছে। শুরুতে স্মরণসভার পরিকল্পনা থাকলেও, শেষ পর্যন্ত নাটক মঞ্চস্থ করাকেই শ্রদ্ধা জানানোর সবচেয়ে উপযুক্ত মাধ্যম বলে মনে করেছেন আয়োজকেরা।
দর্শকদের জন্য এই শো-তে কোনও টিকিট রাখা হয়নি, তবে আসন সংখ্যা সীমিত হওয়ায় আগে থেকে সংরক্ষণ করতে হবে। রাহুলের অনুপস্থিতিতে তাঁর চরিত্রে পাঠ করবেন অভিনেতা প্রতীক দত্ত, যিনি স্বল্প সময়ের মধ্যেই এই দায়িত্ব নিতে সম্মত হয়েছেন। অল্প সময়ের মধ্যেই প্রতীক রাহুল অভিনীত চরিত্রে অভিনয় করার জন্য রাজি হয়েছেন বলে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন পরিচালক সৌরভ। শুধু নাটকই নয়, প্রিয় সহকর্মীর স্মৃতিকে সম্মান জানাতে ৫ এপ্রিল একটি রক্তদান শিবিরেরও আয়োজন করেছে ‘ইচ্ছেমতো’ দল। চোখের জলে নয়, কাজের মধ্য দিয়েই বন্ধুকে মনে রাখার এই প্রচেষ্টায় আবেগাপ্লুত থিয়েটার জগৎ।
