
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: অগস্টের প্রথম সপ্তাহেই দর্শকদের জন্য থাকছে ওটিটির বড়সড় চমক। বিভিন্ন প্ল্যাটফর্মে একের পর এক মুক্তি পাচ্ছে নতুন ছবি ও ওয়েব সিরিজ়। প্রেম, রহস্য, যুদ্ধ, থ্রিলার, আদালতের টানটান লড়াই থেকে শুরু করে পারিবারিক ড্রামা— সব ধরনের গল্পই এবার হাজির হতে চলেছে দর্শকদের সামনে। ফলে সপ্তাহজুড়ে বিনোদনের খোরাক যে জমজমাট হতে চলেছে, তা বলাই যায়। সপ্তাহান্তে বাড়িতে বসেই নতুন ছবি ও সিরিজ় উপভোগ করতে চাইলে এখনই দেখে নেওয়া যেতে পারে কোন ওটিটি প্ল্যাটফর্মে কোন কনটেন্ট মুক্তি পাচ্ছে। পছন্দের তালিকা তৈরি করে নিলেই জমে যাবে অগস্টের প্রথম সপ্তাহের বিনোদন।
১) ম্যায় ওয়াপাস আউঙ্গা: ১৯৪৭ সালের দেশভাগে বিচ্ছিন্ন হয়ে যাওয়া শৈশবের প্রেমের স্মৃতি এখনও তাড়া করে বেড়ায় ৯৫ বছরের ঈশ্বর সিংহ গ্রেবালকে। নাতিকে তিনি নিজের জীবনের গল্প শোনান। সেই স্মৃতির পথ ধরে উঠে আসে দেশভাগ, বিচ্ছেদ এবং হারিয়ে যাওয়া এক প্রেমের কাহিনি। এই ছবি অনেকেই প্রেক্ষাগৃহে দেখেছেন এবং তাঁদের চোখের পাতা ভিজেছে। এ বার ছবিটি ওটিটি-তে। নেটফ্লিক্সে ৭ অগস্ট থেকে দেখা যাবে এই ছবি।
২) অপারেশন সফেদ সাগর: ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের সময়ে পাকিস্তানি বাহিনী পাহাড়ের একাধিক জায়গা দখল করে রাখে। সেই পরিস্থিতিতে ভারতীয় বায়ুসেনার কী ভূমিকা ছিল, তা উঠে আসে এই ছবিতে। এই অভিযানের অজানা গল্প তুলে ধরা হয়েছে সিরিজ়ে। অভিনয় করেছেন জিমি শেরগিল এবং সিদ্ধার্থ। এ ছাড়াও রয়েছেন অভয় বর্মা, মিহির আহুজা, তারুক রায়না, অর্ণব ভসীন, দীয়া মির্জ়া, প্রাজক্তা কোলি, আদিল হুসেন এবং অমৃতা বাগচি। এই ছবিও নেটফ্লিক্সে ৭ অগস্ট থেকে দেখা যাবে।
৩) অ্যাডভোকেট অচিন্ত্য আইচ ৩: অ্যাডভোকেট অচিন্ত্য আইচ ফিরছেন নতুন মামলার তদন্তে। আদালতের লড়াই, রহস্য আর টানটান রোমাঞ্চ, সব মিলিয়ে তৃতীয় সিজ়নেও একাধিক জটিল মামলার মুখোমুখি হবেন তিনি। পুরনো চরিত্রদের পাশাপাশি থাকছে নতুন কিছু মুখও। আদালতের ভিতর ও বাইরের লড়াই এবং সত্য উদ্ঘাটনের গল্পই এই সিজ়নের মূল আকর্ষণ। হইচইটিভিতে ৭ অগস্ট থেকে দেখা যাবে এই সিরিজ়।
৪) বিস্ট রেস: ভবিষ্যতের এক ভয়াবহ পৃথিবীতে সমুদ্র শুকিয়ে গিয়েছে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ব্রাজিলের ঐতিহ্যবাহী রাস্তা বদলে গিয়েছে প্রাণঘাতী প্রতিযোগিতায়। সমাজের প্রান্তিক মানুষেরা পশুর মুখোশ পরে এই দৌড়ে যোগ দেয়, আর ধনী মানুষেরা তাদের জীবন নিয়ে বাজি ধরেন। প্রতিযোগিতায় নামার আগে প্রত্যেককে নিজের প্রিয় কাউকে বাজি হিসাবে রাখতে হয়। জিতলেই শুধু তাকে ফিরিয়ে আনা সম্ভব। নিজের বোনকে বাঁচাতে এই প্রতিযোগিতায় নামে এক যুবক। কী ভাবে এগোয় তার পর সেই গল্প। প্রাইম ভিডিয়োয় এই ছবি দেখা যাবে ৭ অগস্ট থেকে।
৫) ডেথ ইনক: স্পেনের জনপ্রিয় ডার্ক কমেডি সিরিজ়ের চতুর্থ ও শেষ সিজ়নে এক শববাহী সংস্থার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। নতুন প্রধানের নাম ঘোষণা না হওয়ায় উচ্চাকাঙ্ক্ষী সেলসম্যান চেমি প্রধান হওয়ার প্রস্তাব দেয়। কিন্তু সেই সিদ্ধান্তের পরই সহকর্মী দামাসোর সঙ্গে তার সম্পর্কের টানাপড়েন শুরু হয়। কখনও সে চেমির বিরুদ্ধে কাজ করে, আবার কখনও তাকেই খুশি করার চেষ্টা করে। নেটফ্লিক্সে এই সিরিজ় দেখা যাবে ৭ অগস্ট থেকে।
