
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: জনপ্রিয় রিয়্যালিটি শো ‘লক আপ’-এর মঞ্চে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে একের পর এক খোলামেলা মন্তব্য করে আলোচনার কেন্দ্রে অভিনেত্রী আকাঙ্ক্ষা চামোল্লা। ‘সন্তোষী মা’ ধারাবাহিকের এই অভিনেত্রী আগেই জানিয়েছিলেন, প্রায় এক দশকের দাম্পত্যের পর স্বামী গৌরব খান্নার সঙ্গে তাঁর সম্পর্কের ইতি ঘটতে চলেছে। এবার শো-এর সাম্প্রতিক পর্বে বিবাহবিচ্ছেদ, যৌন পরিচয় এবং মানসিক অবস্থার বিষয়ে আরও বিস্তারে মুখ খুললেন তিনি।
সহ-প্রতিযোগী বরুণ যাদবের সঙ্গে কথোপকথনে আকাঙ্ক্ষা জানান, আপাতত তিনি আর কোনও সম্পর্কে জড়াতে বা বিয়ে করতে চান না। তাঁর কথায়, দাম্পত্য জীবনের অভিজ্ঞতা তাঁকে মানসিকভাবে বদলে দিয়েছে। যৌনতা নিয়ে প্রশ্ন উঠলে অভিনেত্রী বলেন, ‘যৌনতা সময়ের সাথে সাথে বদলাতে থাকে। এটা মূলত জীবনের বিভিন্ন পরিস্থিতির ওপর নির্ভর করে। আমার এখন বিবাহবিচ্ছেদ হচ্ছে এবং এই মুহূর্তে আমার কারোর সাথে শারীরিক সম্পর্কের কোনো চাহিদা নেই— না মেয়েদের সাথে, না পুরুষদের সাথে। আমার এখন সম্পূর্ণ আলাদা একটা ফেজ চলছে, আর এটাকে বলে অ্যাসেক্সুয়ালিটি।’

Akanksha Chamola and Gaurav Khanna
এর আগে একই শো-তে আকাঙ্ক্ষা জানিয়েছিলেন, তিনি কোনওদিনই মাতৃত্বকে নিজের জীবনের লক্ষ্য হিসেবে দেখেননি। অন্যদিকে, গৌরব খান্না সন্তান চেয়েছিলেন। দু’জনের এই ভিন্ন জীবনদর্শনই ধীরে ধীরে সম্পর্কে দূরত্ব তৈরি করে। তাঁর দাবি, স্বামীর ইচ্ছা পূরণ করতে না পারার অপরাধবোধ থেকেই শেষ পর্যন্ত আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। আকাঙ্ক্ষা আরও জানান, ‘আমি উভকামী’। আমি মেয়েদের পছন্দ করি, তাদের প্রতি আকৃষ্ট হই। বড় হয়ে ওঠার দিনগুলোয় পুরুষতান্ত্রিক এই সমাজে মা-বোনদের সান্নিধ্যই আমার সেফ স্পেস ও কমফোর্ট জোন ছিল। সমাজ বলে মেয়েরা নাকি একে অপরের বন্ধু হতে পারে না, হিংসে করে। কিন্তু আমার কাছে সব নারীই সুন্দর, আমার কাছে এটা অত্যন্ত পবিত্র এক ভালোবাসা।’
উল্লেখ্য, আকাঙ্ক্ষা চামোল্লা ‘সন্তোষী মা’, ‘ইয়ে হ্যায় আশিকি’ এবং ‘ক্রাইম পেট্রোল’-এর মতো জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন। ২০১৬ সালে একটি অডিশনের সূত্রে গৌরব খান্নার সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে প্রেম এবং একই বছরের ২৪ নভেম্বর কানপুরে তাঁদের বিয়ে হয়। প্রায় দশ বছরের সেই সম্পর্ক এবার বিচ্ছেদের পথে, আর সেই অধ্যায়ের নানা অজানা দিকই ‘লক আপ’-এর মঞ্চে তুলে ধরছেন অভিনেত্রী।
