
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: শুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুর ঘটনায় নতুন মোড়। ঘটনার প্রায় আড়াই মাস পর এবার তদন্ত প্রক্রিয়ায় গতি আনতে উদ্যোগী হল প্রধানমন্ত্রীর দপ্তর (PMO)। অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের আবেদনের ভিত্তিতে ওড়িশা সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
গত ২৯ মার্চ ওড়িশার তালসারিতে একটি ধারাবাহিকের আউটডোর শুটিং চলাকালীন জলে ডুবে মৃত্যু হয় রাহুল অরুণোদয়ের। ঘটনার পর থেকেই মৃত্যুর কারণ এবং শুটিং ইউনিটের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করে। ইউনিটের সদস্যদের বয়ান এবং তদন্তে উঠে আসা তথ্যের মধ্যে অসঙ্গতির অভিযোগে রহস্য আরও ঘনীভূত হয়। অভিনেতার মৃত্যুর পর থেকেই বিষয়টি নিয়ে সরব ছিল অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA)। সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, শুটিং চলাকালীন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। পাশাপাশি ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল (SIT) গঠনের দাবিও জানানো হয়। সংগঠনের সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত প্রধানমন্ত্রীর দপ্তরে লিখিত আবেদন জানান। সেই আবেদনের প্রেক্ষিতে PMO বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে ওড়িশার মুখ্যমন্ত্রীর দপ্তর ও রাজ্যের মুখ্যসচিবকে ঘটনার পূর্ণাঙ্গ পর্যালোচনা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বলে সূত্রের খবর।

এদিকে AICWA-এর দাবি, শুটিং চলাকালীন নিরাপত্তা বিধি লঙ্ঘন করা হয়েছিল। সেই কারণে সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থা এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। সংগঠনের বক্তব্য, ভবিষ্যতে শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই ঘটনায় দৃষ্টান্তমূলক পদক্ষেপ জরুরি। রাহুল অরুণোদয়ের মৃত্যুর পর বাংলা বিনোদন জগতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছিল। যদিও সময়ের সঙ্গে সেই বিতর্ক কিছুটা স্তিমিত হয়, তবে প্রধানমন্ত্রীর দপ্তরের এই হস্তক্ষেপে ফের নতুন করে আলোচনায় উঠে এসেছে ঘটনাটি। এখন তদন্ত কত দ্রুত এগোয় এবং মৃত্যুর প্রকৃত কারণ সামনে আসে কি না, সেদিকেই নজর সংশ্লিষ্ট মহলের।
PRIME MINISTER’S OFFICE ORDERS ACTION IN THE DEATH CASE OF WEST BENGAL ACTOR RAHUL ARUNODOY BANERJEE
— All Indian Cine Workers Association (@aicwaofficial) June 11, 2026
Acting on the representation submitted by the All Indian Cine Workers Association (AICWA) President Suresh Shyamlal Gupta, the Prime Minister’s Office has taken cognizance of the… pic.twitter.com/mmJ26VMUFo
