Breaking News

 

Entertainment

1 month ago

New on OTT: বর্ষা মুখর সপ্তাহান্তে ওটিটি-তে বিনোদনের সমাহার, মুক্তি পাচ্ছে একাধিক নতুন ছবি-সিরিজ

New OTT Web Series This Weekend
New OTT Web Series This Weekend

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:   একসময় সপ্তাহান্ত মানেই ছিল প্রেক্ষাগৃহে গিয়ে নতুন ছবি দেখার পরিকল্পনা। তবে সময়ের সঙ্গে বদলেছে দর্শকের অভ্যাস। এখন ঘরে বসেই ওটিটি প্ল্যাটফর্মে উপভোগ করা যায় নতুন ছবি ও ওয়েব সিরিজ। এই বর্ষার সপ্তাহান্তেও বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে প্রেম, থ্রিলার, অ্যাকশন ও রহস্যে ভরপুর একাধিক নতুন কনটেন্ট। ফলে বৃষ্টিভেজা ছুটিতে ঘরে বসেই জমে উঠতে পারে বিনোদনের আসর।

১) আদর্শ বাল বিদ্যালয়: এই কমেডি-ড্রামায় মুখ্য ভূমিকায় রয়েছেন কেকে মেনন। চরিত্রের নাম জ্ঞানেশ্বর ত্রিপাঠী। স্বভাবে খানিক অলস, পেশায় স্কুলের প্রধান শিক্ষক। সরকার যখন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ সরকারি খরচে শিক্ষাসফরের ঘোষণা করে, তখন তিনি সেই সুযোগ কাজে লাগানোর সিদ্ধান্ত নেন। পড়াশোনায় পিছিয়ে থাকা ছাত্রছাত্রীদের যোগ্য করে তুলতে তিনি শুরু করেন নতুন লড়াই। অগোছালো একটি ক্লাসকে সাফল্যের পথে নিয়ে যাওয়াই তাঁর লক্ষ্য। ছবিতে কেকে মেনন ছাড়াও অভিনয় করেছেন অর্চনা পূরণ সিংহ, নবীন কস্তুরিয়া, দেবেন ভোজানি, অভিমন্যু সিংহ এবং প্রসন্না বিস্ত। আমাজ়ন প্রাইম ভিডিয়োয় এই ছবি দেখা যাবে ২৪ জুলাই থেকে।

২) দ্য ট্রুথার্স: মনস্তাত্ত্বিক থ্রিলারের কেন্দ্রে রয়েছে রুথ নামে একটি চরিত্র। তার মায়ের আকস্মিক মৃত্যুর পরে সে নিজের শহরে ফিরে আসে। শোকাহত বাবার সঙ্গে সম্পর্ক নতুন করে গড়ে তোলার চেষ্টা করতে গিয়ে রুথ জানতে পারে, তার বাবা ক্রমশ অস্থির হয়ে উঠেছে এবং নানা ষড়যন্ত্রের মধ্যে জড়িয়ে পড়ছে। বাবার এই বদলে যাওয়া আচরণ রুথকে তার পরিচিত পৃথিবী নিয়েই প্রশ্ন তুলতে বাধ্য করে। নেটফ্লিক্সে এই থ্রিলার দেখা যাবে ২৪ জুলাই থেকে।

৩) মুসাফির ক্যাফে: এই আবেগঘন রোম্যান্টিক ছবিতে অভিনয় করেছেন বিক্রান্ত ম্যাসি। চরিত্রের নাম চন্দর মোহন শর্মা। সফ্‌টওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে সফল জীবন ছেড়ে সে পাহাড়ে একটি ছোট্ট ক্যাফে খোলার স্বপ্ন পূরণে বেরিয়ে পড়ে। পাশাপাশি, লেখালিখির নেশাকেও গুরুত্ব দেয়। গল্পটি এগিয়েছে তার জীবনের দুই পর্বে। এক দিকে রয়েছে সুধার সঙ্গে গভীর প্রেম। অন্য দিকে, বর্তমান জীবনে রয়েছে প্রীতি। তার সঙ্গে শান্ত ও স্বস্তির সম্পর্ক। এখানেও কি দোলাচলে চন্দর? এই সিরিজ়টিও নেটফ্লিক্সে দেখা যাবে ২৪ জুলাই থেকে।

৪) পল্লিচাট্টাম্বি: ১৯৫৯ সালে কেরলের লিবারেশন স্ট্রাগলের প্রেক্ষাপটে তৈরি ‘পল্লিচাট্টাম্বি’। গল্পের কেন্দ্রে পোথান ক্রিস্টোফার, চরিত্রে টোভিনো থমাস। পোথানকে স্থানীয় গির্জা কমিউনিস্টদের ভূমি সংস্কারের বিরুদ্ধে আন্দোলনে যোগ দিতে বলে। কিন্তু সাধারণ শ্রমজীবী মানুষের কঠিন বাস্তবের মুখোমুখি হয়ে তাঁর ভাবনায় বড় পরিবর্তন আসে। তখন তাঁকে বেছে নিতে হয়, যাঁদের হয়ে লড়ছিলেন তাঁদের পাশে থাকবেন, না কি সেই মানুষদের জন্য লড়বেন, যাঁদের বিরুদ্ধে একসময়ে দাঁড়িয়েছিলেন। ২৪ জুলাই সোনি লিভে দেখা যাবে ছবিটি।

৫) প্রেম শট্‌স: এক নতুন জুটি দেখবে বাঙালি দর্শক। বনি সেনগুপ্ত ও অঙ্গনা রায়ের রসায়ন ইতিমধ্যেই সাড়া ফেলেছে। দু’জনের মধ্যে রয়েছে ঘনিষ্ঠ দৃশ্যও। বনি ও অঙ্গনার একটি চুম্বন দৃশ্য রয়েছে বলেও জানা গিয়েছে। ঘনিষ্ঠ দৃশ্যের জন্য ইন্টিমেসি কোঅর্ডিনেটরের সাহায্য নিয়েছিলেন অভিনেতারা। সিরিজ়টি ২৪ জুলাই থেকে জ়ি ফাইভ বাংলায় দেখা যাবে। 


You might also like!