
লখনউ, ১ সেপ্টেম্বর : ''এক দেশ, এক ভোট'' নীতির প্রশংসা করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন, এটি খুবই প্রশংসনীয় প্রয়াস। কমিটি গড়ার পরেই শুরু হয়ে গিয়েছে ‘তৎপরতা’। ‘এক দেশ এক ভোট’ (ওয়ান নেশন ওয়ান ইলেকশন) নীতি কার্যকর করার লক্ষ্যে নরেন্দ্র মোদী সরকারের গড়া কমিটির প্রধান তথা প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে শুক্রবার সাক্ষাৎ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা। যা দেখে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ সংশয় প্রকাশ করেছেন পাঁচ রাজ্যের আসন্ন বিধানসভা ভোট হওয়ার সম্ভাবনা নিয়ে। সেই সঙ্গে আলোচনায় চলে আসছে লোকসভা ভোট এগিয়ে আনার প্রসঙ্গও।
এই ''এক দেশ, এক ভোট'' নীতির প্রশংসা করে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, "এটি একটি প্রশংসনীয় প্রয়াস। উত্তর প্রদেশের জনগণের পক্ষ থেকে আমি এ জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ''এক দেশ, এক ভোট'' বর্তমান সময়ের প্রয়োজন। নির্বাচনের সময় উন্নয়ন কাজ অথবা নতুন নীতি বাধাগ্রস্ত হয়। আমাদের লোকসভা, বিধানসভা এবং অন্যান্য সমস্ত নির্বাচন একসঙ্গে পরিচালনা করা দরকার। আমি এই পদক্ষেপকে স্বাগত জানাই।"
