নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর : "মহিলা সংরক্ষণ বিল বিজেপির একটি নির্বাচনী প্রতিশ্রুতি। তবুও, অনেক নেতাকে এই বিল আনার জন্য এবং এটি পাস করার জন্য অনুরোধ করতে হয়েছিল।" বুধবার লোকসভায় কটাক্ষ করে বললেন ডিএমকে সাংসদ কানিমোঝি। এদিন মহিলা সংরক্ষণ বিল নিয়ে লোকসভায় বক্তব্য রাখেন কানিমোঝি।
তিনি বলেছেন, "মহিলা সংরক্ষণ বিল নিয়ে কথা বলতে পেরে আমি খুশি। আমরা ভেবেছিলাম, আমরা সবাই একে অপরকে সমর্থন করব এবং একসঙ্গে দাঁড়িয়ে এই বিলটি পাশ হবে। কিন্তু দুর্ভাগ্যবশত, বিজেপি এটিকে রাজনীতি করার সুযোগ হিসেবে নিয়েছে।"
কানিমোঝি আরও বলেছেন, "আমি নিজেও সংসদে সংরক্ষণ বিল আনার বিষয়টি বহুবার উত্থাপন করেছি। তাঁরা বলেছিল, বিলটি আনার আগে সমস্ত স্টেকহোল্ডার, রাজনৈতিক দলকে যুক্ত করতে হবে এবং তারপর একটি ঐকমত্য তৈরি করতে হবে। আমি জানতে চাই কী ঐকমত্য তৈরি হয়েছে, কী আলোচনা হয়েছে, এই বিলটি গোপনীয়তার মধ্যে আনা হয়েছে। আমরা জানতাম না, এই অধিবেশন কিসের জন্য ডাকা হয়েছে।"
