
আগ্রা, ২৮ ডিসেম্বর : উত্তর প্রদেশের আগ্রায় চলন্ত গাড়িতে ধর্ষণের শিকার হলেন এক যুবতী। ধর্ষণের পর গাড়ি থেকে ফেলে দেওয়া হয় ওই যুবতীকে। এই ঘটনার তদন্তে নেমে ৩ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ওই যুবতীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।
আগ্রার পুলিশ কমিশনার প্রীতিন্দর সিং জানিয়েছেন, বুধবার এতমাদপুর থানায় অভিযোগ জানিয়েছেন এক যুবতী। অভিযোগে তিনি জানিয়েছেন, নয়ডা থেকে একটি শেয়ার ট্যাক্সি নিয়েছিলেন তিনি। গন্তব্যে যাওয়ার পথে ৩ জন তাকে ধর্ষণ করে। ধর্ষণের পর তাকে এতমাদপুরের কাছে ফেলে পালিয়ে যায়।
ওই যুবতীর অভিযোগ পাওয়ার পর নড়েচড়ে বসেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মামলা রুজু করা হয়েছে ও যুবতীর মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর টোলে আটক করা হয়েছে ট্যাক্সিটি। ৩ জনকে আটক করা হয়েছে।
