
চেন্নাই, ৭ ফেব্রুয়ারি : মাদ্রাজ হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন লক্ষ্মণ চন্দ্র ভিক্টোরিয়া গৌরী। মঙ্গলবার সকালে মাদ্রাজ হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন ভিক্টোরিয়া গৌরী। গৌরীকে শপথবাক্য পাঠ করান মাদ্রাজ হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি রাজা। গৌরী ছাড়াও আরও চারজন মাদ্রাজ হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন।
এদিকে, গৌরীর শপথগ্রহণের প্রতিবাদে বিক্ষোভ দেখান আইনজীবীরা। সর্বভারতীয় আইনজীবী ইউনিয়নের অধীনে, মাদ্রাজ হাইকোর্টের আইনজীবীরা বিক্ষোভ দেখান। আবার মাদ্রাজ হাইকোর্টের কাছেই বিক্ষোভ দেখায় সিপিআই (এম)। অন্যদিকে, গৌরীর বিরুদ্ধে ঘৃণা ভাষণের অভিযোগ সামনে আসায় ও মাদ্রাজ হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে তাঁর নিয়োগের বিরুদ্ধে আবেদন শুনতে রাজি হয় সুপ্রিম কোর্ট। মঙ্গলবার শুনানির সময় সুপ্রিম কোর্ট জানায়, ভিক্টোরিয়া গৌরী সম্পর্কিত সুপারিশ পুনর্বিবেচনার জন্য কলেজিয়ামকে নির্দেশ দিতে পারে না আদালত। গৌরীর শপথগ্রহণও এদিন স্থগিত করেনি সর্বোচ্চ আদালত।
