
মুম্বই, ১৮ ফেব্রুয়ারি : বালাসাহেব ঠাকরের তৈরি দল শিবসেনা ও তার প্রতীক তির-ধনুক হাতছাড়া হয়েছে ছেলে উদ্ধব ঠাকরের। শুক্রবার নির্বাচন কমিশনের তরফে দেওয়া এই সিদ্ধান্ত উদ্ধবকে মেনে নেওয়ার পরামর্শ দিলেন শরদ পাওয়ার। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) প্রধান বলেন, "এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। একবার সিদ্ধান্ত দিলে আর কোনও আলোচনা করা উচিত নয়। এটা মেনে নিয়ে নতুন প্রতীক নিন।’’
গত বছরের মাঝামাঝি সময়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী থাকাকালীন উদ্ধবের বিরুদ্ধে বিদ্রোহ হয় শিবসেনার অন্দরে। যার ফলে প্রকাশ্যেই ওই দল বিভক্ত হয়ে যায়।অধিকাংশ বিধায়ক ও সাংসদ একনাথ শিন্দের সঙ্গে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে নতুন সরকার তৈরি করেন ৷ মুখ্যমন্ত্রী হন একনাথ শিন্দে। তার পরই দলের কর্তৃত্ব দাবি করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হন একনাথ। শুক্রবার কমিশনের রায় তাঁর পক্ষেই গিয়েছে।
শনিবার মাতোশ্রীতে পরবর্তী পদক্ষেপ ঠিক করতে অনুগামীদের নিয়ে বৈঠকও করতে চলেছেন উদ্ধব। তার আগে মহারাষ্ট্রের পুনেতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উদ্ধবকে কমিশনের সিদ্ধান্ত মেনে নেওয়ার পরামর্শ দিলেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার। উদ্ধব যে মহা বিকাশ আঘাড়ি সরকারের মুখ্যমন্ত্রী হয়েছিলেন, সেই সরকারে শরিক ছিল কংগ্রেস ও এনসিপি।
