
হারদোই, ১২ জুন : ভয়াবহ দুর্ঘটনা উত্তর প্রদেশে। মঙ্গলবার গভীর রাতে ফুটপাথবাসীদের উপর উল্টে পড়ল বালি বোঝাই ট্রাক। চাপা পড়ে মৃত্যু হয় একই পরিবারের ৮ সদস্যের। গুরুতর আহত ওই পরিবারের আরও একজন।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে হারদোইয়ের দিকে যাচ্ছিল ট্রাকটি। অত্যধিক পরিমাণ বালি বোঝাই করা ছিল তাতে। এর জেরে আচমকা নিয়ন্ত্রণ হারান ট্রাক চালক। ট্রাকটি উল্টে পড়ে কয়েকজন ঘুমন্ত ফুটপাথবাসীর উপর। তাতেই চাপা পড়েন এক পরিবারের ৯ সদস্য। স্থানীয়দের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ট্রাকটি সরিয়ে ৮ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। মৃতদেহগুলো ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।ইতিমধ্যেই ট্রাক চালককে গ্রেফতার করেছে পুলিশ। দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে।
