
নয়াদিল্লি, ৯ জানুয়ারি : ঘন কুয়াশার দাপটে ফের জনজীবন বিপর্যস্ত দিল্লি-সহ সমগ্র উত্তর ভারতে। ঘন কুয়াশা ও খারাপ আবহাওয়ার কারণে সোমবার রেল ও যানবাহন চলাচল বিঘ্নিত হয়েছে। ঘন কুয়াশার কারণে উত্তর রেলওয়ে অঞ্চলে ২৯টি ট্রেন দেরিতে চলেছে। দিল্লি বিমানবন্দরে বিঘ্নিত হয়েছে উড়ান পরিষেবাও। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে দৃশ্যমানতা কম থাকায় শারজাহ থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান জয়পুরে ঘুরিয়ে দেওয়া হয়। এছাড়াও ১৫টি বিমান বিলম্বিত হয়েছে।
রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘন কুয়াশা ও দৃশ্যমানতার অভাবে মোট ২৯টি ট্রেন দেরিতে চলাচল করেছে। এই ট্রেনগুলির মধ্যে রয়েছে, পুরী-নতুন দিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস, মালদা টাউন-দিল্লি এক্সপ্রেস,হাওড়া-নতুন দিল্লি পূর্বা এক্সপ্রেস, গয়া-নতুন দিল্লি মহাবোধি এক্সপ্রেস প্রভৃতি। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার সকাল ৫.৩০ মিনিটে উত্তর প্রদেশের বাহারাইচে দৃশ্যমানতা ছিল ৫০ মিটার, প্রয়াগরাজ-৫০ মিটার; বিহারের ভাগলপুরে ২৫ মিটার, পূর্ণিয়া এবং গয়ায় ৫০ মিটার, পাটনায় ৫০ মিটার; উত্তর-পশ্চিম রাজস্থানের গঙ্গানগরে ২৫ মিটার। পঞ্জাবের আম্বালাতে ২৫ মিটার, হিসারে ৫০ মিটার, দিল্লি (সফদরজং)-২৫ মিটার, দিল্লি (পালাম)-৫০ মিটার; উত্তরপ্রদেশের আগ্রায় ০ মিটার, বারাণসী (বাবাতপুর)-২৫ মিটার।
