
নয়াদিল্লি, ৭ নভেম্বর: মঙ্গলবার, ৮ নভেম্বর, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। তিন বছর পর আবার এই বিরল মহাজাগতিক মুহূর্তের সাক্ষী হবে পৃথিবী। যেখানে সূর্য, চাঁদ আর পৃথিবী আসবে একই সরলরেখায়। সূর্যের আলোকে আড়াল করে চাঁদ আর সূর্যের মাঝে চলে আসবে পৃথিবী। ফলে পৃথিবীর ছায়া, যার আরেক নাম ‘আম্ব্রা’ তা পুরোপুরি ঢেকে ফেলবে চাঁদকে। মঙ্গলবারই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের এই বিরল ঘটনা দেখা যাবে পৃথিবীর বিভিন্ন দেশে। তবে ভারতে থেকে এই বিরল মুহূর্তের সাক্ষী হওয়ার সুযোগ প্রায় নেই বললেই চলে।
এই চন্দ্রগ্রহণ না দেখলে আবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখার সুযোগ হবে দেড় বছর পর। ২০২৫ সালের মার্চ মাসেই আবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে। কিন্তু মঙ্গলবার যখন চন্দ্রগ্রহণ শুরু হবে এবং তা পূর্ণ অবস্থায় পৌঁছবে, তখন ভারতের আকাশে উঠবেই না চাঁদ। মঙ্গলবার সাড়ে পাঁচটা নাগাদ চন্দ্রোদয় হওয়ার কথা দেশে। তখন চাঁদের গ্রহণ সম্পূর্ণ হয়ে তা ছেড়েও যাবে।
আন্তর্জাতিক সময় (জিএমটি) সকাল ৯.১৭ মিনিটে শুরু হবে চন্দ্রগ্রহণ। ৮৫ মিনিট থেকে তা আবার ছেড়ে যাবে ১০টা ৪২ মিনিটে। সেই হিসাবে ভারতীয় সময়ে দুপুর ২টো ৪০ মিনিটে গ্রহণ শুরু হয়ে পূর্ণচন্দ্রগ্রহণ শুরু হবে বিকেল পৌনে ৪টে থেকে। সাড়ে চারটের সময় তা পূর্ণ অবস্থায় পৌঁছবে এবং আবার ছেড়ে যাবে বিকেল ৫টা ১১ মিনিটে। ফলে চন্দ্রগ্রহণ যখন ছেড়ে যাবে, তখন চাঁদই উঠবে না ভারতে। তবে যে সমস্ত দেশে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে তাঁরা লাল রঙের চাঁদ দেখতে পাবেন আকাশে।
